)
ভারতের বিরুদ্ধে আয়ারল্যান্ড ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে জিতেছে। আর এই স্মরণীয় জয়ের ঠিক পরের দিনই আয়ারল্যান্ড দলের হেডকোচের পদ থেকে সরে দাঁড়ালেন হেড কোচ হেনরিখ মালান। এই সিদ্ধান্তের ফলে পরবর্তী ৫০ ওভারের বিশ্বকাপ চক্রের প্রস্তুতির জন্য ক্রিকেট আয়ারল্যান্ড পর্যাপ্ত সময় পাবে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক অপ্রত্যাশিত সিদ্ধান্তে চমকে গেল বাইশ গজ। আয়ারল্যান্ড পুরুষ ক্রিকেট দলের হেডকোচের পদ থেকে সরে দাঁড়ালেন হেনরিখ মালান। বিশ্বচ্যাম্পিয়ন ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক ও স্মরণীয় ২-০ টি-টোয়েন্টি সিরিজ হোয়াইটওয়াশের রূপকার হওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে চমকে দেওয়া ঘোষণা মালানের। গত শুক্রবার সিরিজের প্রথম ম্যাচে নতুন নেতা শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়াকে অনায়াসে হারানোর পর, গত রবিবার দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিআইতে রুদ্ধশ্বাস লড়াইয়ে এক রানের জিতেছে আইরিশরা। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা ২০২৩ সালের অগাস্টের পর ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে প্রথম সিরিজ হারের স্বাদ পেয়েছে। ক্রিকেট আয়ারল্যান্ড জানিয়েছে যে, মালানের পরিবর্তে হেড কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার গ্যারি উইলসনকে। যিনি ২০২০ সালে অবসরের আগে দীর্ঘ ১৫ বছরের বর্ণময় ক্রিকেট কেরিয়ারে আয়ারল্যান্ডের হয়ে ২৯২টি ম্যাচ খেলেছেন। ৪০ বছর বয়সী উইলসন ২০২২ সাল থেকেই সিনিয়র দলের সহকারী কোচ হিসেবে দায়িত্বে রয়েছেন। এবার বড় দায়িত্ব পেলেন তিনি।
যাওয়ার আগে মালান বলেন
বিদায়লগ্নে দেওয়া বিবৃতিতে মালান বলেন, ‘এই প্লেয়ার, কোচিং স্টাফ এবং সামগ্রিক আইরিশ ক্রিকেট সম্প্রদায়ের সঙ্গে কাজ করাটা ছিল আমার জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। মাঠের পারফরম্যান্সের দিকে তাকালে আমরা গর্বের সঙ্গে স্মরণ করব মেলবোর্নে ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়, আবুধাবিতে আফগানিস্তানের বিরুদ্ধে নিজেদের প্রথম টেস্ট জয়, বেলফাস্টে জিম্বাবোয়ের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম টেস্ট জয় এবং ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয়ের কথা। এছাড়া পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মতো দলকে হারানো এবং বিশ্বের শীর্ষস্থানীয় দলগুলোর সঙ্গে নিয়মিত প্রতিদ্বন্দ্বিতা করেও তাদের হারিয়ে সরাসরি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছি। এসবই আমাদের সাফল্যের অংশ।’ মালান এমন এক ঈর্ষণীয় উত্তরাধিকার রেখে যাচ্ছেন যা আইরিশ ক্রিকেটে আমূল পরিবর্তন এনেছে। তাঁর তত্ত্বাবধানে দল টানা তিনবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে এবং নিজেদের ইতিহাসের প্রথম তিন টেস্ট জয়ের স্বাদ পেয়েছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হল, তিনি এমন এক টেকসই উন্নয়ন কাঠামো এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড়দের সমৃদ্ধ ভাণ্ডার রেখে যাচ্ছেন যা ভবিষ্যতের সেই দেশের ক্রিকেটের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হবে।
মালানের প্রশংসায় গ্রেম ওয়েস্ট
ক্রিকেট আয়ারল্যান্ডের ডিরেক্টর অফ হাই পারফরম্যান্স গ্রেম ওয়েস্ট মালানের প্রশংসা করে বলেছেন যে, দলের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে সাম্প্রতিক আলোচনার সঙ্গে প্রধান কোচের সরে দাঁড়ানোর ইচ্ছার বিষয়টি স্বাভাবিক ভাবেই মিলে গিয়েছিল। ওয়েস্ট বলেন, ‘মালান এমন এক কঠিন সময়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং আয়ারল্যান্ড পুরুষ দলের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আইরিশ ক্রিকেটের কাঠামোয় প্রতিভাবান খেলোয়াড়ের সংখ্যা ও মান বাড়াতে কঠোর পরিশ্রম করেছেন তিনি। যা আগামী মাস ও বছরগুলিতে দলের জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে।’ মালান যখন দায়িত্ব ছাড়ছেন, তখন আইরিশ ক্রিকেট এক অনন্য উচ্চতায়। ফলে তাঁর উত্তরসূরি ৫০ ওভারের ফরম্যাটে বিশ্বমঞ্চে সাফল্য অর্জনের লক্ষ্যে কাজ শুরু করার জন্য একটি চমৎকার ভিত্তি পাচ্ছেন।
সামনেই বড় পরীক্ষা আইরিশদের
উইলসনের নিয়োগ আয়ারল্যান্ড ক্রিকেটের জন্য এক ঐতিহাসিক মাইলফলক। নব্বইয়ের দশকের শুরুর দিকে জন উইলসের দায়িত্ব পালনের পর তিনিই প্রথম আইরিশ-জাত ব্যক্তি যিনি পুরুষ সিনিয়র দলের প্রধান কোচের দায়িত্ব পেলেন। দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মালান আগামী এক মাস উইলসনের সঙ্গে নিবিড় ভাবে কাজ করবেন এবং অগস্টে আফগানিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ওডিআই সিরিজের জন্য দলকে প্রস্তুত করবেন। ২০২২ সালে দায়িত্ব নেওয়া ৪৫ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান কোচ মালান গত সোমবার সকালে তাঁর দল ও সাপোর্ট স্টাফদের নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে ছিলেন। যদিও ২০২৭ সালের শুরু পর্যন্ত মালানের চুক্তির মেয়াদ ছিল, তবুও জাতীয় দলের ব্যবস্থাপনায় সুষ্ঠু পরিবর্তনের স্বার্থে তিনি সাফল্যের চূড়ায় থাকতেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন। তাঁর এই সুপরিকল্পিত বিদায়ের ফলে আসন্ন ৫০-ওভারের বিশ্বকাপ চক্রের আগে ক্রিকেট আয়ারল্যান্ডের সামনে এক সুবিধাজনক ও মসৃণ পথ তৈরি হল। এখনই পদ ছেড়ে দেওয়ার মাধ্যমে মালান তার উত্তরসূরি উইলসনকে অগাস্টে আফগানিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ওডিআই সিরিজের আগেই দলের দায়িত্ব বুঝে নেওয়ার সুযোগ করে দিলেন। এই সিরিজট ২০২৭ সালের শুরুর দিকে অনুষ্ঠিতব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ৫০-ওভারের বিশ্বকাপ বাছাইপর্বের জন্য আয়ারল্যান্ডের প্রস্তুতির ভিত্তি হিসেবে কাজ করবে।
(Feed Source: zeenews.com)
