)
Health Insurance for 2 Hours hospitalisation: রোগীকে আর ২৪ ঘণ্টা বা একদিন হাসপাতালে রাখার প্রয়োজন পড়ছে না! বিমা কোম্পানিগুলোও তাদের হেলথ ইনশিওরেন্স নীতিতে বদল আনছে। ২৪ ঘণ্টার কম সময় হাসপাতালে ভর্তি থাকলেও হেল্থ ইনশিওরেন্সের ক্লেইম পাওয়া যাচ্ছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হেলথ ইনশিওরেন্সে ক্লেইম করতে হলে রোগীকে হাসপাতালে অন্তত ২৪ ঘণ্টা ভর্তি থাকতে হবে! এমনটাই আমরা সবাই জানি। কিন্তু বর্তমানে চিকিৎসা বিজ্ঞানের উন্নতিতে বিমা কোম্পানিগুলিও তাদের পলিসিতে বদল আনছে। যেখানে মাত্র ২ ঘণ্টা হাসপাতালে ভর্তি থাকলেও আপনি আপনার স্বাস্থ্যবিমার সুবিধা পেতে পারেন।
চিকিৎসা বিজ্ঞানে প্রযুক্তিগত উন্নতির কারণে এখন বহু জটিল অস্ত্রোপচার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই হয়ে যাচ্ছে। ফলে রোগীকে আর ২৪ ঘণ্টা বা একদিন হাসপাতালে রাখার প্রয়োজন পড়ছে না। যার জেরেই প্রাসঙ্গিকতা হারাচ্ছে ২৪ ঘণ্টা ভর্তি থাকার নিয়মটি! বর্তমানে প্রযুক্তির সাহায্যে ‘মিনিমাল ইনভেসিভ’ অস্ত্রোপচার করা হচ্ছে রোগী। যেখানে রোগীকে কয়েক ঘণ্টার মধ্যেই ছেড়ে দেওয়া হচ্ছে হাসপাতাল থেকে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়েই বিমা কোম্পানিগুলোও তাদের হেলথ ইনশিওরেন্স নীতিতে বদল এনেছে বলে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে।
যেখানে বলা হয়েছে, আইআরডিএআই নতুন ডে-কেয়ার পলিসিগুলিতে ২৪ ঘণ্টার কম সময় হাসপাতালে ভর্তি থাকলেও হেল্থ ইনশিওরেন্সের ক্লেইম অনুমোদন করছে। কোন বিষয়গুলোর ওপর টাকা পাওয়া নির্ভর করে? বিশেষজ্ঞরা বলছেন, বিমার টাকা পাওয়ার বিষয়টি হাসপাতালে কাটানো সময়ের থেকেও বেশি চিকিৎসার ধরনের উপর নির্ভর করে। এক্ষেত্রে ছানি অপারেশন, ডায়ালিসিস, কেমোথেরাপি, টনসিল অপারেশন বা ছোটখাটো ল্যাপারোস্কোপিক সার্জারির মতো কয়েকশো চিকিৎসা এখনও ডে-কেয়ারের আওতাভুক্ত। যা ২ থেকে ৩ ঘণ্টার মধ্যেই হয়ে যায়।
সব স্বাস্থ্য বিমায় এই সুবিধা সমানভাবে নাও থাকতে পারে। কিছু কোম্পানি অবশ্য তাদের মূল পলিসি মানে বেস প্ল্যানেই এই ডে-কেয়ারকে জুড়েছে। আবার কোথাও এটি অতিরিক্ত অ্যাড-অন হিসেবে নিতে হয়। বিশেষজ্ঞরা বলছেন, হেল্থ ইনশিওরেন্স করার সময় তাই শুধু কত টাকার কভারেজে কত প্রিমিয়াম দিতে হচ্ছে, তা দেখলেই হবে না। পলিসিতে থাকা ‘ডে-কেয়ার প্রসিডিউর’ তালিকাটি ভালো করে পড়ে নিতে হবে। যাতে ২-৩ ঘণ্টা হাসপাতালে ভর্তির ক্ষেত্রেও ইনশিওরেন্স ক্লেইম করা যায়।
(Feed Source: zeenews.com)
