পাহাড়ি বাঁকে ঘোরার সময় ব্রেক ফেল ? দুর্ঘটনায় মহিলা-শিশু-সহ ৪০ জনের মৃত্যু পাকিস্তানে

পাহাড়ি বাঁকে ঘোরার সময় ব্রেক ফেল ? দুর্ঘটনায় মহিলা-শিশু-সহ ৪০ জনের মৃত্যু পাকিস্তানে

 

খাইবার পাখতুনখাওয়া (পাকিস্তান) : মর্মান্তিক। দুর্ঘটনায় মহিলা ও শিশু-সহ অন্তত ৪০ জনের মৃত্যু। একটি বাসে তাঁরা যাচ্ছিলেন। খাতে পড়ে যায় সেটি। যার জেরে ভয়ঙ্কর এই পরিস্থিতি। উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে।

যাত্রীদের নিয়ে বালুচিস্তানের কোয়েট্টা থেকে পেশওয়ারের দিকে রওনা দিয়েছিল বাসটি। খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ডেরা ইসমাইল খান জেলায় বাসটি পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, বাসটির ব্রেক ফেল করে গিয়েছিল। যার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাসচালক। পাহাড়ি এলাকায় একটি কঠিন বাঁক পেরনোর সময় এই ঘটনাটি ঘটে। বাসটি রাস্তা থেকে পিছলে খাদে পড়ে যায়। যদিও দুর্ঘটনার পিছনে প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে।

বালুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির গণমাধ্যম ও রাজনৈতিক বিষয়ক সহকারী শাহিদ রিন্ড বলেছেন, “প্রাথমিক তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় ৪০ জন নিহত এবং আরও আটজন আহত হয়েছেন। উভয় প্রদেশের জেলা প্রশাসন, উদ্ধারকারী দল এবং অন্যান্য সংশ্লিষ্ট বিভাগ ক্ষতিগ্রস্তদের সহায়তা দিচ্ছে।”

উদ্ধারকারী দলের দেওয়া তথ্য অনুয়ায়ী, দুর্ঘটনাটি যখন ঘটে তখন বাসে ৪৮ জন যাত্রী ছিলেন। অন্যদিকে ‘দ্য ডন’-এর রিপোর্ট, কোয়েট্টা থেকে যখন বাসটি ছাড়ে তখন তাতে ৩৬ জন যাত্রী ছিলেন। বাকিরা পরে বাসে চড়েন। শেরানি জেলার ডেপুটি কমিশনার ওয়ালি খান ককর জানিয়েছেন, নিহতদের শনাক্তকরণের কাজ চলছে। আহতদেও পরিচয় খতিয়ে দেখা হচ্ছে।

খাইবার পাখতুনখাওয়ার পার্বত্য অঞ্চলে সড়ক দুর্ঘটনা একটি নিত্যনৈমিত্তিক ও প্রায়শই প্রাণঘাতী ঘটনা হয়ে উঠেছে। এর পেছনে রয়েছে দুর্গম ভূপ্রকৃতি, চরম আবহাওয়া, ঘন ঘন ট্রাফিক আইন লঙ্ঘন, রাস্তার বেহাল দশা, গাড়ির ত্রুটিপূর্ণ অবস্থা এবং অদক্ষ চালকের মতো বিভিন্ন কারণের সংমিশ্রণ।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন যেন, “আহতদের সম্ভাব্য সর্বোত্তম চিকিৎসা পরিষেবা নিশ্চিত করা হয়।” তাঁর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয় এবং আরও বলা হয়, “এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর শোকে পুরো দেশ সমানভাবে ব্যথিত।”

গত মার্চ মাসে বাংলাদেশের রাজবাড়িতে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছিল। ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায় যাত্রীবোঝাই বাস। দুর্ঘটনার সময়ে বাসে অন্তত পক্ষে ৫০ জন যাত্রী ছিলেন বলে জানা যায়। এই ঘটনায় অন্তত ২৩ জনের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা যায়। আরও বেশ কয়েকজন যাত্রী নিখোঁজ ছিলেন।