Siliguri News: “অ্যাপ দিয়ে নাকি বন্ধ করছে…” চলন্ত টোটো নিয়ে শিলিগুড়ির রাস্তায় এ কীসের আতঙ্ক? তদন্তে পুলিশ

Siliguri News: “অ্যাপ দিয়ে নাকি বন্ধ করছে…” চলন্ত টোটো নিয়ে শিলিগুড়ির রাস্তায় এ কীসের আতঙ্ক? তদন্তে পুলিশ

 

BAT-BMS App: শিলিগুড়িতে ব্লুটুথ-সক্ষম BMS-এর মাধ্যমে টোটো নিয়ন্ত্রণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। বিশেষজ্ঞদের মতে, বিষয়টি তদন্তসাপেক্ষ হলেও ই-যানের সাইবার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

মোবাইল অ্যাপ দিয়ে টোটো বন্ধ

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: শিলিগুড়িতে লিথিয়াম ব্যাটারিচালিত টোটোকে কেন্দ্র করে সামনে এসেছে এক নতুন প্রযুক্তিগত উদ্বেগ। অভিযোগ, ব্লুটুথ সংযোগের মাধ্যমে ব্যাটারির ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম (BMS)-এর সঙ্গে একটি বিশেষ মোবাইল অ্যাপ যুক্ত করে দূর থেকেই গাড়ির কার্যক্রমে হস্তক্ষেপ করা হচ্ছে। এর ফলে চলন্ত অবস্থায় টোটো হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার মতো বিপজ্জনক পরিস্থিতি তৈরি হচ্ছে। একই ধরনের আশঙ্কা প্রকাশ করেছেন ব্যাটারিচালিত স্কুটি ও অন্যান্য ই-যানের ব্যবহারকারীরাও।

বিশেষজ্ঞদের মতে, আধুনিক লিথিয়াম ব্যাটারিতে থাকা Bluetooth-enabled Battery Management System (BMS) ব্যাটারির ভোল্টেজ, তাপমাত্রা, চার্জের পরিমাণ এবং সুরক্ষা সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণের জন্য তৈরি। নির্দিষ্ট অনুমোদিত অ্যাপের মাধ্যমে ব্যবহারকারী এই তথ্য দেখতে পারেন। তবে অভিযোগ, এই প্রযুক্তির দুর্বলতাকে কাজে লাগিয়ে অননুমোদিত বা পরিবর্তিত অ্যাপ ব্যবহার করে ব্যাটারির সঙ্গে সংযোগ স্থাপন করে মোটর পাওয়ার কেটে দেওয়া বা ব্যাটারিকে সাময়িকভাবে নিষ্ক্রিয় করার চেষ্টা করা হচ্ছে। যদিও বিষয়টি কতটা প্রযুক্তিগতভাবে সম্ভব, তা তদন্ত সাপেক্ষ বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

টোটো চালক রবিন রায় বলেন, “হঠাৎ করেই চলন্ত টোটো বন্ধ হয়ে যায়। প্রথমে ভেবেছিলাম ব্যাটারির সমস্যা। পরে শুনি মোবাইল অ্যাপ দিয়ে নাকি কেউ সংযোগ করে এমন করছে। যাত্রী নিয়ে চলার সময় এমন হলে বড় দুর্ঘটনা হতে পারে। আমরা নিরাপত্তা চাই।”

এদিকে সংশ্লিষ্ট ব্যাটারি সংস্থার প্রতিনিধিদের দাবি, একটি বিদেশি মোবাইল অ্যাপের অপব্যবহারের কারণেই এমন অভিযোগ সামনে এসেছে। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে তদন্ত শুরু করেছে পুলিশ। সত্যিই প্রযুক্তিগতভাবে ব্লুটুথ সংযোগের মাধ্যমে ই-যান নিয়ন্ত্রণ করা হয়েছে কি না, নাকি অন্য কোনও প্রযুক্তিগত ত্রুটি রয়েছে—তা তদন্তের পরই স্পষ্ট হবে। তবে এই ঘটনা স্মার্ট প্রযুক্তিনির্ভর ই-যানের সাইবার নিরাপত্তা নিয়ে নতুন করে বড় প্রশ্ন তুলে দিল।