
ম্যাঞ্চেস্টার: ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্য়াচে মাঠে নামতে চলেছে ভারত। প্রথম ম্য়াচে বৃষ্টির জন্য পুরো খেলা হয়নি। ভারতীয় দল প্রথমে ব্যাটিং করতে নেমেছিল। বোর্ডে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান তুলেছিল ২০ ওভারে। কিন্তু এরপরই বৃষ্টি নামে। আর খেলা শুরু করা সম্ভব হয়নি। আজ দ্বিতীয় ম্য়াচ। আর এই ম্য়াচে মাঠে নামলেই নতুন রেকর্ডের সম্মুখিন হবেন অক্ষর পটেল। মহেন্দ্র সিংহ ধোনিকে ছুঁয়ে ফেলবেন দেশের তারকা বাঁহাতি অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্রিকেটে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে এখনও পর্যন্ত ৯৭টি ম্য়াচ খেলে ফেলেছেন অক্ষর পটেল। দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার তিনি। শনিবার নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ৯৮ তম ম্য়াচ খেলতে নামবেন অক্ষর।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মহেন্দ্র সিংহ ধোনিও ৯৮টি ম্য়াচ খেলেছেন। সেক্ষেত্রে আজ মাঠে নামার সঙ্গে সঙ্গে ধোনিকে ছুঁয়ে ফেলবেন বাঁহাতি অলরাউন্ডার। প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট করার সুযোগ পেলেও বল হাতে মাঠে নামার সুযোগ পাননি অক্ষর। আশা করাই যায় যে আজকের ম্য়াচেও একাদশে অক্ষরের মত গুরুত্বপূর্ণ অলরাউন্ডারকে নিয়েই মাঠে নামবেন শ্রেয়সরা।
এদিকে, দ্বিতীয় টি-টােয়েন্টিতে আজ বৈভব সূর্যবংশীকে কি আদৌ খেলানো হবে কি না তা নিয়েই সবার মধ্য়ে কৌতূহল। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও দলে ছিলেন। কিন্তু সেখানে দুটো ম্যাচেই সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা জুটি খেলেছে ওপেনিংয়ে। এর মধ্য়ে স্যামসন রান পাননি। এমনকী ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতেও ব্যর্য হয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছিলেন। তারপরে আইপিএল মরশুমটাও বেশ ভালই কেটেছে। কিন্তু বিলেত সফরের শুরুটা চরম হতাশাজনকভাবেই করেছেন ভারতীয় ওপেনার সঞ্জু স্যামসন। আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে দুই টি-২০ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে তাঁর সংগ্রহ যথাক্রমে পাঁচ, শূন্য ও এক রান। নাগাড়ে তিন ব্যর্থতার পর অনেকেই দাবি তুলছেন বৈভবকে যেন এবার পরখ করে দেখা হয়। এই জল্পনা-কল্পনার মাঝেই সম্প্রতি বৈভবের সোশ্যাল মিডিয়া পোস্টও জল্পনা বাড়াচ্ছে। সেখানে নিজের পোস্টে বিহারের বিস্ময় বালক লিখেছে তার বয়সভিত্তিক জাতীয় দলের জার্সি গায়ে চাপানো একটি ছবি পোস্ট করে লেখে, ‘নতুন অধ্যায়’। এই নতুন অধ্যায়টিকে তার ম্য়াঞ্চেস্টারে ভারতীয় সিনিয়র দলে অভিষেকের মাধ্যমে শুরু করা নতুন অধ্যায় বলেই মনে করছেন অনেকে। যদিও টিম ম্য়ানেজমেন্টের পক্ষ থেকে কোনও আভাস দেওয়া হয়নি আগে থেকে যে আদৌ বৈভব খেলবে কি না।
(Feed Source: abplive.com)
