বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভায় যাবেন?

বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভায় যাবেন?

 

কলকাতা: সল্টলেকে বিজেপি অফিসে পৌঁছলেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব। বিজেপি অফিসে আসছেন প্রকাশ চিক বরাইকও। বিজেপিতে কি যোগ দিচ্ছেন তিন প্রাক্তন তৃণমূল সাংসদ?জল্পনা তুঙ্গে। আসন্ন রাজ্যসভা নির্বাচনে তাঁরা বিজেপি-র টিকিটে প্রার্থী হবেন কি না, উঠছে সেই প্রশ্নও। সোমবার অমিত শাহের সঙ্গে দেখা করেন সুখেন্দুশেখর। আগেই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক। ২৪ জুলাই পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার তিন আসনে উপনির্বাচন। সুখেন্দুশেখর রায়, প্রকাশ চিক বরাইক ও সুস্মিতা দেবের পদত্যাগের জেরে উপনির্বাচন হচ্ছে। (Sukhendu Sekhar Roy-Prakash Chik Baraik)

তৃণমূলের প্রাক্তন সাংসদ সুখেন্দুশেখর, প্রকাশ চিক এবং সুস্মিতা। বিজেপি সূত্রে খবর, আর কিছু ক্ষণের মধ্যেই বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর। প্রকাশ চিকও বিজেপি-তে যোগ দিচ্ছেন বলে খবর। সল্টলেকে বিজেপি-র অফিসে পৌঁছে গিয়েছেন সুখেন্দুশেখর এবং সুস্মিতা। প্রকাশ চিকও পৌঁছচ্ছেন কিছুক্ষণের মধ্যে। অতি সম্প্রতিই রাজ্যসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ১৪ জুলাই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। তৃণমূলের তিন সাংসদ পদত্যাগ করাতেই শূন্যপদ তৈরি হয়। তার আগে বিজেপি-তে যোগদানের সঙ্গে সঙ্গে, বিজেপি-র টিকিটে তাঁদের প্রার্থী হওয়ার সম্ভাবনাও জোরাল হচ্ছে। (BJP News)

এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি বিজেপি-র তরফে। তবে একটু পরেই সাংবাদিক বৈঠক করবেন রাজ্য বিজেপি-র সভাপতি শমীক ভট্টাচার্য। আজ সেখানে বিজেপি-তে যোগ দিতে পারেন সুখেন্দুশেখররা। এর পর আজ সন্ধেয় বা আগামী কাল বিজেপি রাজ্যসভার প্র্রাথিতালিকা ঘোষণা করবে। তাতে সুখেন্দুশেখর এবং প্রকাশ চিকের নাম থাকতে পারে বলে শোনা যাচ্ছে।

গত সোমবার কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেদিন সন্ধেয় আলিপুরে শাহের সঙ্গে গিয়ে দেখা করেন সুখেন্দুশেখর। সেখানে বৈঠক হয় তাঁদের মধ্যে। সুস্মিতাও তৃণমূলের রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেন। তাঁর ছাড়া আসনে বিজেপি কাকে প্রার্থী করে, তা-ই দেখার। এদিন সল্টলেকের দলীয় কার্যালয়ে ঢোকার সময় শমীক সংবাদমাধ্যমের মুখোমুখি হলেও, কিছু খোলসা করেননি। তবে বলেন, “পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণ বদলাতে কি বাকি আছে?”

অন্য দিকে, আজ বিকেলেই নবান্ন পৌঁছন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করছেন তিনি। সোমবার প্রসেনজিতের বাড়ি গিয়েছিলেন শাহ। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারও। তার পরই নবান্নে পৌঁছলেন প্রসেনজিৎ। তাঁকেও রাজ্যসভায় পাঠানো হবে কি না, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। বিধানসভা নির্বাচনের আগেই পদ্মশ্রী সম্মানে সম্মানিত হন প্রসেনজিৎ। বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তাঁর দহরম মহরম চোখে পড়ছিল বেশ কিছু দিন ধরেই। ব্রিগেডে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠানেও পৌঁছন প্রসেনজিৎ।