চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু

চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু

 

নয়াদিল্লি: চিনে জুতোর আগুনে ভয়াবহ আগুন। সেই আগুনে ঝলসে মৃত্যু বহু শ্রমিকের। এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, কমপক্ষে ২৮ জনের মৃত্যু হয়েছে। আগুন নেভানোর চেষ্টা শুরু হয়েছে সেখানে। শুরু হয়েছে উদ্ধারকার্য। আগুন যে ভয়াবহ আকার ধারণ করে, তাতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। (China Shoe Factory Fire)

বৃহস্পতিবার পূর্ব চিনের ফুজিয়ান প্রদেশের জিনজিয়াংয়ের জিয়াংতুতে একটি জুতোর কারখানায় আগুন লাগে। স্থানীয় সময় দুপুর ১২টা বেজে ৪ মিনিটে আগুন লাগে। চিনের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, বহু মানুষ আগুনের মধ্যে আটকে পড়েন। প্রাণে বাঁচতে ছাদে চলে যান অনেকে। ঘটনাস্থল থেকে যে ভিডিও সামনে এসেছে, তাতে আগুনের গ্রাসে চলে যেতে দেখা গিয়েছে গোটা একটি বিল্ডিংকে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। (Chian Fire Death Toll)

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। উদ্ধারকার্যে নামেন ১৮৩ জন। ঘটনাস্থলে পৌঁছয় ৩৫টি গাড়ি। সন্ধে হতে হতে আগুন যদিও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, কারখানার ভিতরে ঢোকা যায়নি। গনগনে আঁচে, প্রচণ্ড তাপমাত্রায় ভিতরে ঢুকতে পারেনি পুলিশ। 

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গ্রাউন্ড ফ্লোর থেকে আগুন ছড়িয়ে পড়ে। অতি দাহ্য জুতো ছিল কারখানার ভিতরে। সেই সঙ্গে মজুত ছিল অতি দাহ্য আঠালো পদার্থ। এর ফলেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে মনে করা হচ্ছে। গোটা কারখানা যখন দাউদাউ করে জ্বলছে, সেই সময় তীব্র গন্ধে ঢেকে যায় গোটা এলাকা। চোখজ্বালা করতে শুরু করে।

চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এই ঘটনায় উদ্ধারকার্যে জোর দিতে বলেছেন। ভিতরে আটকে থাকা লোকজনকে বের করে আনা এবং আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে বলেছেন তিনি। পাশাপাশি, এই ঘটনার জন্য যে বা যারা দায়ী, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে বলেছেন। তাঁর দফতর থেকে বলা হয়, ‘চেষ্টায় কোনও খামতি থাকা চলবে না। তল্লাশি এবং উদ্ধারকার্যে জোর দিতে হবে। ক্ষতিগ্রস্তদের সাহায্য়ে এগিয়ে যেতে হবে প্রশাসনকে’।

হতাহতের সংখ্যা ঠিক কত, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে কমপক্ষে ২৮ জন মারা গিয়েছেন বলে খবর। জিনজিয়াং চিনের ‘জুতোর রাজধানী’ হিসেবেও পরিচিত। ২০২৪ সালে সেখানে ১২০ কোটি জোড়া জুতো তৈরি হয়, যা পৃথিবীর অন্য দেশের এক পঞ্চমাংশ।