
How to identify Pure Honey: বাজারে চলতি রাসায়নিক মেশানো ঘন মধুর ভিড়ে সুন্দরবনের হালকা সোনালি রঙের পাতলা মধুকে অনেকেই নকল ভাবেন। কিন্তু খলিশা ও কেওড়া ফুলের নির্যাস সমৃদ্ধ এই খাঁটি মধুর পাতলা গড়নই এর স্বাভাবিক বৈশিষ্ট্য। ঠকে যাওয়ার ভয় এড়াতে আসল বনমধু চেনার উপায় জানুন।
সুন্দরবনের মধু খাঁটি কি না চেনার উপায়
বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: ভেজাল নয়, আসল সুন্দরবনের মধু চিনবেন কীভাবে! জেনে নিন খাঁটি বনমধুর বৈশিষ্ট্য। সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য শুধু রয়েল বেঙ্গল টাইগারের জন্যই বিখ্যাত নয়, এই বনই উপহার দেয় বিশ্বের অন্যতম মূল্যবান প্রাকৃতিক সম্পদ—খাঁটি বনমধু। খলিশা, গরান, কেওড়া, বাইন-সহ নানা ম্যানগ্রোভ গাছের ফুলের মধুরস থেকে মৌমাছিরা যে মধু সংগ্রহ করে, তার স্বাদ, ঘ্রাণ ও গুণাগুণ অন্য সব ধরনের মধুর থেকে আলাদা।
চাক থেকে সরাসরি সংগ্রহ করা এই বনমধুর স্বাদ নির্ভর করে মৌমাছি কোন ফুলের নির্যাস বেশি সংগ্রহ করেছে তার উপর। কোনও মধুতে কেওড়া ফুলের হালকা টক স্বাদ বেশি অনুভূত হয়, আবার কোথাও খলিশার মিষ্টতা বা বাইনের স্বতন্ত্র ঝাঁঝ ফুটে ওঠে। তাই সুন্দরবনের একেক এলাকার মধুর স্বাদ ও ঘ্রাণেও দেখা যায় ভিন্নতা। অনেকেই মনে করেন ঘন মধুই ভাল, কিন্তু সুন্দরবনের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন।
বিশেষজ্ঞদের মতে, অপরিশোধিত বনমধুর উপরে অনেক সময় সূক্ষ্ম প্রোটিনসমৃদ্ধ একটি প্রাকৃতিক স্তর বা ‘গাদ’ জমতে দেখা যায়। এটি প্রাকৃতিক উপাদান হওয়ায় অনেকেই খাঁটি মধুর অন্যতম বৈশিষ্ট্য হিসেবে বিবেচনা করেন। তবে শুধু এই একটি লক্ষণ দেখে মধুর বিশুদ্ধতা নিশ্চিত করা যায় না; নির্ভরযোগ্য উৎস থেকে সংগ্রহ করাই সবচেয়ে নিরাপদ উপায়। প্রাকৃতিক স্বাদ, মনমাতানো ঘ্রাণ, হালকা সোনালি রঙ এবং ম্যানগ্রোভ ফুলের অনন্য নির্যাস—সব মিলিয়ে সুন্দরবনের বনমধু শুধু একটি খাদ্যপণ্য নয়, এটি এই অঞ্চলের ঐতিহ্য ও প্রকৃতির অমূল্য সম্পদ। তাই খাঁটি সুন্দরবনের মধু কিনতে হলে বিশ্বস্ত মৌয়াল, সংস্থা বা নির্ভরযোগ্য বিক্রেতার কাছ থেকেই সংগ্রহ করা উচিত।
