Rare Hilsa Fish: পেল্লাই সাইজ! এক পিস ইলিশের দাম ২২ হাজার ৭৯৮ টাকা! বিরল মাছ দেখতে জমল ভিড়, ভাইরাল ছবি

Rare Hilsa Fish: পেল্লাই সাইজ! এক পিস ইলিশের দাম ২২ হাজার ৭৯৮ টাকা! বিরল মাছ দেখতে জমল ভিড়, ভাইরাল ছবি
Rare Hilsa Fish: বাংলাদেশের মেঘনা নদীতে ধরা পড়েছে বিরল আকৃতির এক বিশাল ইলিশ। মাছটির ওজন ও আকার দেখে চমকে গিয়েছেন মৎস্য ব্যবসায়ীরা। ঢাকার এক ব্যবসায়ী প্রায় ২৩ হাজার টাকায় এই ইলিশটি কিনেছেন। বিরল এই ইলিশের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
বিরল মাপের ইলিশ বিক্রি হল বাংলাদেশের চাঁদপুরের পাইকারি মাছ বাজারে। মাছটির ওজন প্রায় তিন কেজি (২ কেজি ৯৯০ গ্রাম)। এত বড় মাপের ইলিশটি বিক্রি হয়েছে ২২ হাজার ৭৯৮ টাকায়। মেঘনায় ধরা পড়া এক ইলিশ মাছ ঘিরে চর্চা চলছে বাংলাদেশের চাঁদপুরে।
জানা গিয়েছে, নোয়াখালির হাতিয়ার মেঘনা নদীতে মৎসজীবী সুজনের জালে ধরা পড়ে তিন কেজি ওজনের এই বিরাট মাপের ইলিশ মাছটি। পরে ভাল দাম পাওয়ার আশায় মাছটি চাঁদপুর সরকারি মাছ বাজারের বড়স্টেশনে আনা হয়।
শনিবার (৪ জুলাই) দুপুরে মাছটি বিক্রির জন্য চাঁদপুর সরকারি মাছ বাজারের বড়স্টেশনে আনা হয়। পরে অনলাইনে যোগাযোগ করে বাংলাদেশের রাজধানী ঢাকার ব্যবসায়ী অনীক এই বড় আকারের ইলিশটি কিনে নিয়ে যান।
চাঁদপুর বড়স্টেশন পাইকারি মাছ বাজারের শান্তি আড়তের সম্রাট বেপারী জানান, প্রতি মণ ইলিশের দাম সেদিন উঠেছিল ৩ লক্ষ ৫ হাজার টাকা, অর্থাৎ প্রতি কেজি ইলিশের দাম দাঁড়ায় ৭ হাজার ৬২৫ টাকা। 
চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবেবরাত বলেছেন, চলতি মরশুমে এর আগে সর্বোচ্চ ১৪ হাজার টাকায় একটি ইলিশ বিক্রি হয়েছিল। তাঁর দাবি, গত ১০ থেকে ২০ বছরের মধ্যে চাঁদপুরের এই বাজারে প্রায় ২৩ হাজার টাকায় একটি ইলিশ বিক্রির ঘটনা তাঁর জানা নেই। 
এদিকে, ইলিশের পুরো মরশুম এখনও শুরু না হলেও দক্ষিণাঞ্চলের সাগর ও উপকূলীয় নদ-নদীতে ছোট-বড় বিভিন্ন আকারের ইলিশ জেলেদের জালে ধরা পড়ছে। তবে বাজারে চাহিদা বেশি থাকায় সেই ইলিশই বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে।
শান্তি আড়তের সম্রাটের আশা, মরশুম পুরোদমে শুরু হলে বাজারে ইলিশের সরবরাহ বাড়বে। তখন দামে কিছুটা পরিবর্তন আসতে পারে। তবে বর্তমানে বড় আকারের ইলিশ কম আসায় এই চড়া দাম পাওয়া যাচ্ছে।
(Feed Source: news18.com)