Fifa World Cup 2026 : এবারের বিশ্বকাপে খেলা ফুটবলারের মৃত্যু, মাত্র ২৫ বছর বয়সেই সব শেষ! দেশে ফিরেই ঢলে পড়লেন মৃত্য়ুর কোলে

Fifa World Cup 2026 : এবারের বিশ্বকাপে খেলা ফুটবলারের মৃত্যু, মাত্র ২৫ বছর বয়সেই সব শেষ! দেশে ফিরেই ঢলে পড়লেন মৃত্য়ুর কোলে

 

২০২৬ ফিফা বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই খেলেছিলেন জেডেন অ্যাডামস। মামেলোদি সানডাউন্স-এর এই মিডফিল্ডার বিশ্বকাপের প্রথম ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে হারের ম্যাচে এবং চেকিয়ার বিরুদ্ধে ১-১ ড্র হওয়া ম্যাচে প্রথম একাদশে ছিলেন।

দুই ম্যাচেই পরে তাঁকে বদলি করা হয়। এর পর দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ১-০ গোলের জয়ের ম্যাচে তিনি বদলি হিসেবে মাঠে নামেন। তবে কানাডার বিপক্ষে শেষ ষোলোর ১-০ গোলে হারের ম্যাচে তিনি মাঠে নামেননি।

দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গেটন ম্যাকেঞ্জি এক বিবৃতিতে বলেন, “গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে জানতে পারলাম, মামেলোদি সানডাউন্স এবং বাফানা বাফানার মিডফিল্ডার জেডেন অ্যাডামস মাত্র ২৫ বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেছেন।”

তিনি আরও বলেন, “দক্ষিণ আফ্রিকার ফুটবল অন্যতম উজ্জ্বল তরুণ প্রতিভাকে হারিয়েছে। তাঁর পরিবার, সতীর্থ এবং লক্ষ লক্ষ সমর্থকের সঙ্গে গোটা দেশ আজ শোকাহত। একজন সম্ভাবনাময় অ্যাকাডেমি ফুটবলার থেকে জাতীয় দলের তারকা হয়ে ওঠার যাত্রা আমরা সবাই দেখেছি।”

ক্রীড়ামন্ত্রী তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানাননি-পুলিশ জানিয়েছে, শনিবার সকালে কেপ টাউনের স্কটশে ক্লুফ এলাকায় একটি বাড়ি থেকে ২৫ বছর বয়সি এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘিরে তদন্ত শুরু হয়েছে। ওয়েস্টার্ন কেপ পুলিশের মুখপাত্র এফসি ভ্যান উইক এএফপিকে বলেন, “ঘটনার পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত চলছে।”

জেডেন অ্যাডামস স্টেলেনবস এফসি-র যুব অ্যাকাডেমি থেকে উঠে এসেছিলেন এবং ক্লাবের প্রথম অ্যাকাডেমি ফুটবলার হিসেবে পেশাদার চুক্তি করেন। স্টেলেনবসের হয়ে তিনি ১৩৯টি ম্যাচ খেলেন এবং দলকে ২০২৩ সালের কার্লিং নকআউট শিরোপা জিততে সাহায্য করেন। এরপর ২০২৫ সালের জানুয়ারিতে তিনি মামেলোদি সানডাউন্সে যোগ দেন।

দক্ষিণ আফ্রিকা ফুটবল প্লেয়ার্স ইউনিয়ন (SAFPU) এক বিবৃতিতে জানায়, “মামেলোদি সানডাউন্স ও বাফানা বাফানার মিডফিল্ডার জেডেন অ্যাডামসের অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত।”

(Feed Source: news18.com)