Feeling Sleepy: কিছু খাওয়ার পরই ঘুমে জড়িয়ে আসে চোখ? সারাদিনই ঘুম পায়? কোনও জটিল রোগের লক্ষণ? জানুন বিশেষজ্ঞের মত

Feeling Sleepy: কিছু খাওয়ার পরই ঘুমে জড়িয়ে আসে চোখ? সারাদিনই ঘুম পায়? কোনও জটিল রোগের লক্ষণ? জানুন বিশেষজ্ঞের মত

Feeling Sleepy:কেন ঘুম পায় খাওয়ার পর? সারাদিন কেন ঘুম ঘুম মনে হয়? জানুন এটা কোনও রোগের লক্ষণ নাকি স্বাভাবিক প্রক্রিয়া। বলছেন বিশেষজ্ঞ।

খাবার খাওয়ার পর অনেকেরই চোখে ঘুম নেমে আসে। বিশেষ করে দুপুরের খাবারের পর এই প্রবণতা বেশি দেখা যায়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে পোস্টপ্র্যান্ডিয়াল স্লিপিনেস বলা হয়। এটি শরীরের একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রতিক্রিয়া এবং অধিকাংশ ক্ষেত্রেই উদ্বেগের কারণ নয়।

বিশেষজ্ঞদের মতে, খাবার খাওয়ার পর শরীরের পরিপাকতন্ত্র সক্রিয় হয়ে ওঠে। বিশেষ করে ভাত, রুটি বা অন্যান্য কার্বোহাইড্রেটজাতীয় খাবার খেলে শরীরে ইনসুলিনের ক্ষরণ বৃদ্ধি পায়। এর ফলে মস্তিষ্কে ট্রিপটোফ্যানের প্রবেশ সহজ হয় এবং সেখান থেকে সেরোটোনিন ও মেলাটোনিন তৈরি হয়, যা শরীরকে শিথিল করে এবং ঘুম ঘুম ভাব তৈরি করতে পারে।

অন্যদিকে, অতিরিক্ত পরিমাণে বা তেল-চর্বিযুক্ত ভারী খাবার খেলে হজমে বেশি সময় লাগে। পাশাপাশি পর্যাপ্ত ঘুমের অভাব, অনিয়মিত জীবনযাপন বা শরীরের স্বাভাবিক জৈবিক ঘড়ির কারণেও খাওয়ার পর তন্দ্রাভাব আরও বাড়তে পারে। তাই পরিমিত পরিমাণে সুষম খাদ্য গ্রহণের পরামর্শ দেন চিকিৎসকরা।

বসিরহাট স্বাস্থ্য জেলার উপ-মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. শ্যামল কুমার বিশ্বাস জানান, “খাবার খাওয়ার পর হালকা ঘুম ঘুম ভাব হওয়া সাধারণত স্বাভাবিক। তবে যদি প্রতিদিন অতিরিক্ত তন্দ্রাভাব দেখা দেয় বা দৈনন্দিন কাজকর্মে তার প্রভাব পড়ে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।”

চিকিৎসকদের মতে, প্রতিদিন খাওয়ার পর অতিরিক্ত ঘুম পেলে তা কখনও কখনও ডায়াবেটিস, থাইরয়েডের সমস্যা, স্লিপ অ্যাপনিয়া বা অন্যান্য শারীরিক সমস্যার ইঙ্গিতও হতে পারে। তাই দীর্ঘদিন ধরে এমন সমস্যা থাকলে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করানো জরুরি।

বিশেষজ্ঞদের পরামর্শ, একবারে অতিরিক্ত খাবার না খেয়ে পরিমিত ও সুষম খাদ্য গ্রহণ, পর্যাপ্ত জল পান, নিয়মিত শরীরচর্চা এবং খাবারের পর ১০ থেকে ১৫ মিনিট হালকা হাঁটাচলা করলে এই তন্দ্রাভাব অনেকটাই কমানো সম্ভব। সুস্থ জীবনযাপনের মাধ্যমে এই স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রতিক্রিয়াকে সহজেই নিয়ন্ত্রণে রাখা যায়।

(Feed Source: news18.com)