
দোলমা আদতে আর্মেনিয়ান খাবার। ভূমধ্যসাগরীয় অঞ্চলে বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করা হয় দোলমা বানাতে, যেমন টমেটো, বেগুন, পটল। পুর হিসেবে ব্যবহৃত হয় মাংসের কিমা, ভাত, মশলা। আপনি বাড়িতে কীভাবে সহজেই বানাবেন এই পদ? রইল রেসিপি–
পুরের উপকরণ:
পটল ৮-১০টি
নুন স্বাদমতো,
হলুদ আধা চা-চামচ
কিমা (মাংস/মাছ) ১ কাপ
পেঁয়াজকুচি ১টি
আদা-রসুনবাটা ১ চা-চামচ
কাঁচালঙ্কা কুচি ২টি
হলুদ গুঁড়ো আধ চা-চামচ
লঙ্কা গুঁড়ো আধ চা-চামচ
জিরে গুঁড়ো আধ চা-চামচ
গরম মশলা আধ চা-চামচ
নুন স্বাদমতো ও সামান্য চিনি
রান্না
১) পটলের খোসা হালকা চেঁছে নিন। একদিকের মাথা কেটে ছুরি বা চা-চামচের হাতলের দিক দিয়ে ভিতরের বীজগুলো বার করে নিন। এবার পটলে নুন-হলুদ মেখে হালকা ভেজে তুলে রাখুন।
২) কড়াইতে তেল গরম করে পেঁয়াজ ভাজুন। আদা-রসুনবাটা দিয়ে নাড়ুন। কিমা দিয়ে তারপর বাকি মশলা মিশিয়ে ভাল করে কষান। ভাজা ভাজা হলে নামিয়ে ঠান্ডা করে নিন।
৩) এবার প্রতিটি পটলের ভিতরে ভাল করে পুর ভরে নিন। রান্নার সময় পুর যাতে বেরিয়ে না যায়, তার জন্য পটল কাটার সময় মাথার যে বাড়তি অংশটা কাটা হল, টুথপিকের সাহায্যে সেটা পটলে আটকে নিতে পারেন।
গ্রেভি বানাতে যা যা লাগবে–
পেঁয়াজবাটা ২ টেবিল চামচ
আদা-রসুনবাটা ১ চা-চামচ
টমেটোবাটা ২ টেবিল চামচ
জিরে গুঁড়ো আধ চা-চামচ
ধনে গুঁড়ো আধ চা-চামচ
হলুদ আধ চা-চামচ
লঙ্কা গুঁড়ো আধ চা-চামচ
গরম মশলা আধ চা-চামচ
তেল পরিমাণমতো
গ্রেভি কীভাবে বানাবেন–
১) কড়াইতে তেল দিয়ে পেঁয়াজবাটা, আদা-রসুনবাটা ও টমেটোবাটা দিয়ে ভাজুন। সব গুঁড়ো মশলা দিয়ে কষান, যতক্ষণ না তেল ছাড়ে।
২) এই মশলার মধ্যে পটলগুলো এবার আলতো করে ছেড়ে দিন। অল্প জল দিয়ে ঢেকে রাখুন। ১০-১৫ মিনিট ঢিমে আঁচে রান্না করুন। শেষে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন।
(Feed Source: news18.com)
