)
PM Modi On NEET Row: সংসদীয় দলের বৈঠকে নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি স্পষ্ট জানান, শিক্ষার্থীদের ভবিষ্যতের সঙ্গে খেলা বরদাস্ত করা হবে না এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। পাশাপাশি পরীক্ষা সংক্রান্ত অনিয়ম রোখাকে কেবল সরকারের নয়, একটি ‘জাতীয় দায়িত্ব’ বলে মন্তব্য করেন তিনি।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিট প্রশ্নপত্র ফাঁস এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগ ঘিরে দেশজুড়ে ছাত্র আন্দোলনের আবহেই প্রধানমন্ত্রীর এই মন্তব্য সামনে এসেছে। নিট পরীক্ষা বিতর্ক ও প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে আন্দোলন নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠকে বিষয়টিকে অত্যন্ত গুরুতর হিসেবে চিহ্নিত করে তিনি জানান, পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখা কোনো একটা নির্দিষ্ট সরকারের কাজ নয়, এটি একটি ‘জাতীয় দায়িত্ব’।
বৈঠকে সাংসদদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী স্পষ্ট জানান, তরুণদের পরিশ্রম ও স্বপ্ন নষ্ট করার অধিকার কারও নেই। তিনি বলেন, “প্রশ্নপত্র ফাঁস করা গুরুতর পাপ। যারা আমাদের পরীক্ষার্থীদের ভবিষ্যতের সাথে ছিনিমিনি খেলেছে, তাদের চিহ্নিত করে এমন শাস্তি দেওয়া হবে যা দৃষ্টান্ত হয়ে থাকবে।” পরীক্ষা ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে কড়া আইনের পাশাপাশি প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ওপর জোর দেন তিনি।
‘শিক্ষার্থীদের উসকানি দেবেন না’: সহিংসতা নিয়ে ক্ষোভ
সম্প্রতি দিল্লিতে পরীক্ষা বিতর্ক কেন্দ্রিক ‘সংসদ চলো’ অভিযানে সহিংসতা ও বিশৃঙ্খলার প্রসঙ্গ তুলে ক্ষোভ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। কোনও দলের নাম না নিয়ে বিরোধী ও আন্দোলনকারীদের উদ্দেশ্যে তাঁর স্পষ্ট আবেদন, রাজৈনতিক স্বার্থ চরিতার্থ করার জন্য ছাত্র-ছাত্রীদের বিভ্রান্ত বা উসকে দেওয়া বন্ধ করা উচিত। শিশুদের সঠিক পথ দেখানোর দায়িত্ব বড়দের। হিংসাত্মক পথ ছেড়ে আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান সম্ভব বলে তিনি মনে করিয়ে দেন।
পরীক্ষা ব্যবস্থায় পরিবর্তনের ইঙ্গিত
পরীক্ষার্থীদের আস্থা ফিরিয়ে আনতে সরকার ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া শুরু করেছে বলে জানান নরেন্দ্র মোদী। প্রশ্নপত্র ফাঁস রুখতে আইনি ব্যবস্থা শক্ত করার পাশাপাশি ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র কাজের ধরন ও কাঠামোতে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দেন তিনি। সংকটের এই সময়ে শিক্ষার্থী ও অভিভাবকদের পাশে থাকার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী সব এনডিএ নেতাদের ইতিবাচক ভূমিকা পালন করার নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে রিজিজু আরও বলেন, সংসদে আইন প্রণয়নের কাজ এগিয়ে নিয়ে যেতে এনডিএ-র শরিক দলগুলিকে ঐক্যবদ্ধ ভাবে সমর্থন করার আহ্বান জানিয়েছেন মোদী। পাশাপাশি, বিরোধী দলগুলিকেও সংসদের কাজে গঠনমূলক ভূমিকা পালনের আবেদন জানিয়েছেন তিনি। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু দেশের ভবিষ্যৎ এবং যুব সমাজের কল্যাণে কাজ করা প্রত্যেক সাংসদের যৌথ দায়িত্ব বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।
(Feed Source: zeenews.com)
