Assistant Professor Recruitment 2026: বাংলার এই কলেজে শিক্ষক নিয়োগ, ২৩ জুলাই সরাসরি সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ। বিশদে জানুন…
কলেজে চাকরির সুযোগ
দাঁতন, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: চাকরি খুঁজছেন? আপনি কি স্নাতকোত্তর পাশ করেছেন? ইউজিসি অধীন যোগ্যতা রয়েছে? তবে আপনার জন্য চাকরির সুযোগ রয়েছে একটি স্বশাসিত কলেজে। ইতিমধ্যে ওয়াক ইন ইন্টারভিউ-এর মধ্য দিয়ে নিয়োগ করবে দাঁতন ভট্টর কলেজ। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের অন্যতম স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ভট্টার কলেজে শুরু হতে চলেছে অস্থায়ী অধ্যাপক নিয়োগ প্রক্রিয়া।
সম্প্রতি কলেজের অধ্যক্ষ অধ্যাপক (ডঃ) গিরিধারী পণ্ডার স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানান হয়েছে যে, সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এবং ক্লাস পিছু সাম্মানিকের (ক্লাস-ওয়াইজ অনারারিয়াম) বিনিময়ে বেশ কয়েকটি বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে। যে সমস্ত উচ্চশিক্ষিত প্রার্থীরা শিক্ষকতা পেশায় নিজেদের যুক্ত করতে ইচ্ছুক, এমন আবেদনকারীদের আসার অনুরোধ জানান হয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মূলত তিনটি বিষয়ের জন্য এই ‘ওয়াক-ইন-ইন্টারভিউ’ বা সরাসরি সাক্ষাৎকারের আয়োজন করা হয়েছে কলেজ কর্তৃপক্ষের তরফে। বিষয়গুলি হলো নিউট্রিশন বা পুষ্টিবিজ্ঞান, প্রাণীবিদ্যা বা জুলজি এবং সংস্কৃত। আগামী ২৩ জুলাই, ২০২৬ তারিখে কলেজ প্রাঙ্গণেই এই ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী, ওই দিন সকাল ১১টায় নিউট্রিশন বিষয়ের প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। এরপর সকাল সাড়ে ১১টায় জুলজি এবং ঠিক দুপুর ১২টায় সংস্কৃত বিষয়ের প্রার্থীদের ইন্টারভিউ শুরু হবে।
কলেজ কর্তৃপক্ষের তরফে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানান হয়েছে যে, ইউজিসি (UGC) বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাই কেবলমাত্র এই সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের ইন্টারভিউয়ের দিন নিজেদের একটি লিখিত আবেদনপত্র এবং পূর্ণাঙ্গ বায়ো-ডেটা সঙ্গে আনতে হবে। এর পাশাপাশি, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সমস্ত নথির মূল শংসাপত্র বা অরিজিনাল সার্টিফিকেট এবং এক সেট নিজস্ব স্বাক্ষর করা বা সেলফ-অ্যাটেস্টেড ফটোকপি সঙ্গে রাখা বাধ্যতামূলক।
১৯৬৩ সালে প্রতিষ্ঠিত এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই কলেজটি বর্তমানে একটি স্বশাসিত বা অটোনোমাস প্রতিষ্ঠান। ২০২৩ সালে ন্যাক (NAAC) মূল্যায়নে ‘এ’ গ্রেড প্রাপ্ত হওয়ার পাশাপাশি এটি ‘কলেজ উইথ পোটেনশিয়াল ফর এক্সেলেন্স’ স্বীকৃতিও পেয়েছে। এছাড়াও এই প্রতিষ্ঠানে হিউম্যানিটিজ এবং সোশ্যাল সায়েন্স বা কলা ও সমাজবিজ্ঞানের একটি স্বীকৃত গবেষণাকেন্দ্র রয়েছে।
এমন একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ স্বভাবতই শিক্ষানুরাগী চাকরিপ্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে। প্রার্থীদের নির্দিষ্ট দিনে সঠিক সময়ে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র-সহ দাঁতনে অবস্থিত কলেজ প্রাঙ্গণে উপস্থিত হওয়ার জন্য কর্তৃপক্ষের তরফ থেকে আহ্বান জানানো হয়েছে।
(Feed Source: news18.com)