
স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে, জিৎ (Jeet)-এর নতুন সিনেমা, ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’। আর সেই সিনেমাতেই আলাদা আলাদা ৯টি লুকে, চমকে দিলেন অভিনেতা।
বিপ্লবী অনন্ত সিংহের জীবনকে এই ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন জিৎ। আর গল্পের প্রয়োজনে, একের সময়ে, একেক রূপে সাজতে হয়েছে তাঁকে। অধিকাংশ লুকেই তাঁকে চেনা যায় না।

ছবিতে জিতের লুকের আড়ালে যিনি, তিনি সোমনাথ কুণ্ডু। টলিপাড়ার জনপ্রিয় প্রস্থেটিক মেকআপ আর্টিস্টই এই ছবির জন্য ভিন্ন ভিন্ন লুকে, সাজিয়েছেন জিৎ-কে। এই কাজের অভিজ্ঞতা নিয়ে কী বলছেন তিনি?

সোমনাথ কুণ্ডু বলছেন, ‘এই ছবির কাজে হাতে দিয়েই বুঝেছিলাম, এটা আমার কেরিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং একটা কাজ হতে চলেছে। একই অভিনেতাকে ৯টি সম্পূর্ণ ভিন্ন ভিন্ন লুকে সাজিয়ে তোলা একেবারেই সহজ ছিল না।’

সোমনাথ কুণ্ডু বলছেন, ‘ছবির গল্পের জন্য, জিৎ-দার প্রত্যেকটা লুকই প্রয়োজন ছিল। এক একটা লুকের পিছনে প্রচুর খাটনি, লুক টেস্ট হয়েছে। রাতারাতি হয়ে যায়নি কিছুই।’

সোমনাথ কুণ্ডু আরও বলছেন, ‘ছবির প্রযোজক, পরিচালকেরা যে আমার ওপর এই দায়িত্ব ছেড়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি আমার সবটা দিয়ে জিৎ-দার এই লুকগুলো তৈরি করার চেষ্টা করেছি। এবার দর্শকদের ভাল লাগলেই, আমার পাওনা।’

এই ছবি নিয়ে পরিচালক পথিকৃৎ বসু বলছেন, ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’ মূলত দৃষ্টিভঙ্গির গল্প। তিনি কি একজন বিদ্রোহী? কিংবদন্তি? নাকি একজন অপরাধী? ইতিহাস তাঁকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখেছে। সেই কারণেই আমরা জিৎ-দার জন্য ৯টি আলাদা আলাদা লুক তৈরি করেছি।’

পরিচালক আরও বলছেন, ‘অনন্ত সিংহের মতো জটিল এবং বিপ্লবী এক ব্যক্তিত্বকে নিয়ে গল্প বলতে গেলে, একটা মুখ কখনোই যথেষ্ট নয়। আমরা যে প্রতিটি লুক প্রকাশ করছি, তা তাঁর জীবনের এক একটি আলাদা অধ্যায়, প্রতিটি নতুন পরিচয়ই তাঁর বিপ্লবের এক একটা স্তরকে তুলে ধরে।’

পরিচালক আরও বলেছেন, ‘জিৎ-দার এই বদলটা অসাধারণ ছিল। উনি শুধু ভিন্ন ভিন্ন পোশাকই পরেননি, প্রত্যেকটা লুকে অভিনয় করতে গিয়ে যেন মানসিকভাবেও বদল এনেছেন উনি। আশা করি দর্শকেরা এটা উপভোগ করতে পারবেন।’

সোশ্যাল মিডিয়ায় জিতের এই লুকগুলির প্রশংসা করেছেন অনুরাগীরা। এখন প্রত্যেকেই অপেক্ষা করে রয়েছেন ছবিটা দেখার জন্য।
(Feed Source: abplive.com)
