)
Novo Nordisk: ডেনমার্কের ওষুধ প্রস্তুতকারক সংস্থা ‘নোভো নরডিস্ক’-এর তৈরি এই ইনসুলিনটি প্রাপ্তবয়স্ক টাইপ-১ এবং টাইপ-২ ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। দেশের ড্রাগ কন্ট্রোলার ইতিমধ্যেই এর ছাড়পত্র দিয়েছে।
অয়ন ঘোষাল: ডায়াবেটিসের রোগীদের জন্য এক বৈপ্লবিক সুখবর! রোজ রোজ ইনসুলিন ইনজেকশন নেওয়ার দিন এবার শেষ হতে চলেছে। বিশ্বের প্রথম সপ্তাহে মাত্র একবার নেওয়ার উপযোগী ইনসুলিন ‘অ্যাউইকলি’ এবার ভারতে লঞ্চ করা হল। ডেনমার্কের বিখ্যাত ওষুধ প্রস্তুতকারক সংস্থা ‘নোভো নরডিস্ক’ প্রাপ্তবয়স্ক টাইপ-১ এবং টাইপ-২ ডায়াবেটিস রোগীদের চিকিৎসার জন্য ভারতের বাজারে এই ইনসুলিন নিয়ে এসেছে।
এতদিন পর্যন্ত ডায়াবেটিস রোগীদের সুগার নিয়ন্ত্রণে রাখার জন্য প্রতিদিন অন্তত একবার বা প্রয়োজনে একাধিকবার ইনসুলিন ইনজেকশন নিতে হত। কিন্তু এই নতুন ‘অ্যাউইকলি’ ইনসুলিনটি শরীরে ইনজেকশন দেওয়ার পর টানা ৭ দিন ধরে ধীরে ধীরে এবং সমপরিমাণে ইনসুলিন সরবরাহ করতে থাকে। ফলে সপ্তাহে মাত্র একটা ইনজেকশন নিলেই সাত দিনের সুগার একদম নিয়ন্ত্রণে থাকবে।
মিলল ড্রাগ কন্ট্রোলারের ছাড়পত্র
ভারতের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন এই ইনসুলিন ব্যবহারের সবুজ সংকেত দিয়েছে। চিকিৎসকদের মতে, টাইপ-২ ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এটি সুগার নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী প্রমাণিত হয়েছে। আর টাইপ-১ রোগীদের ক্ষেত্রে এটি প্রতিদিনের ইনসুলিনের পাশাপাশি অতিরিক্ত সাহায্য হিসেবে ব্যবহার করা যাবে।
কেন এটি রোগীদের জন্য বড় স্বস্তি?
মেডিক্যাল বিশেষজ্ঞদের মতে, অনেক রোগীই রোজ রোজ সূঁচ ফোটানোর ভয়ে বা অলসতাবশত প্রতিদিন সঠিক সময়ে ইনসুলিন নিতে পারেন না, যার ফলে সুগার আচমকা বেড়ে গিয়ে কিডনি বা হার্টের ক্ষতি করে। সপ্তাহে মাত্র ১ দিনের এই ইনসুলিন আসায়, রোগীদের ইনজেকশন নেওয়ার মানসিক চাপ ও শারীরিক কষ্ট একধাক্কায় অনেকটাই কমে যাবে। কোনো ডোজ মিস হওয়ার সম্ভাবনা থাকবে না। রোগীদের জীবনযাত্রা অনেক সহজ ও স্বাভাবিক হবে।
চিকিৎসকদের একাংশের মতে, ভারতের মতো দেশে যেখানে ডায়াবেটিস রোগীর সংখ্যা কোটি কোটি, সেখানে এই ‘ওয়ান্স-উইকলি’ ইনসুলিন চিকিৎসা ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দেবে। তবে এই ইনসুলিন নেওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক।
(Feed Source: zeenews.com)
