জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলা ও হিন্দি সিনেমা জগতের বিশিষ্ট সম্পাদক বোধাদিত্য বন্দ্যোপাধ্যায় এবার আত্মপ্রকাশ করতে চলেছেন পরিচালক হিসেবে। দীর্ঘ ক্যারিয়ারে ‘অটোগ্রাফ’, ‘২২শে শ্রাবণ’, ‘হেমলক সোসাইটি’, ‘জাতিস্মর’, ‘মিশর রহস্য’-র মতো অসংখ্য সফল বাংলা ছবির পাশাপাশি মুম্বই পাড়ি দিয়ে ‘পিঙ্ক’, ‘রেড’, ‘লস্ট’ কিংবা ‘মেট্রো ইন দিনো’-র মতো বলিউড ছবির সম্পাদনার দায়িত্ব সামলেছেন তিনি। এবার নিজের প্রথম পরিচালিত ছবি ‘মিল্টন’ নিয়ে দর্শকদের সামনে আসতে চলেছেন তিনি।
মিল্টন’ মূলত একটি নতুন যুগের রোমান্টিক কমেডি। তবে এর গল্পে রয়েছে এক দারুণ ফ্যান্টাসি ও রহস্য-রোমাঞ্চের ছোঁয়া। ছবির মূল আকর্ষণ একটি ভেন্ট্রিলকুইস্ট ডল, অর্থাত্ কথা বলা পুতুল, যার নাম ‘মিল্টন’। এই পুতুল টাইম ট্রাভেল করে বর্তমানের কলকাতায় এসে পৌঁছয় এবং তার চোখ দিয়েই পুরো প্রেমের গল্পটি তুলে ধরা হবে।প্রেমের সঙ্গেই মিশে আছে ফ্যান্টাসি, নস্টালজিয়া, রহস্য, রোমাঞ্চ।
প্রথমবার একসঙ্গে অর্জুন ও শ্রুতি
ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী এবং শ্রুতি দাস। এর আগে সৃজিত মুখোপাধ্যায়ের ‘X=প্রেম’ ছবিতে দুজনেই কাজ করলেও, এই প্রথমবার অনস্ক্রিন জুটি হিসেবে দেখা যাবে তাঁদের। ছবিতে অর্জুনের চরিত্রের নাম ‘কৃষ্ণেন্দু’ এবং শ্রুতির নাম ‘বৃষ্টি’। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ঐন্দ্রিলা বসু, আত্মদীপ ঘোষ এবং অঙ্কিতা মাঝিকে।
বিজ্ঞাপন ও ওয়েব সিরিজের জগতে পরিচিত নাম ‘ম্যাভেরিকস’ এই প্রথম কোনও বাংলা ফিচার ফিল্ম প্রযোজনায় পা রাখছে। সংস্থার প্রতিষ্ঠাতা প্রান্তিক বসু, অ্যাসোসিয়েট প্রযোজক হিসেবে রয়েছেন ঈশানী সেনগুপ্ত ও অভ্রজিৎ সেন। পরিচালনার পাশাপাশি ছবিটির সঙ্গীত পরিচালনার দায়িত্বও একা হাতে সামলেছেন বোধাদিত্য নিজেই। উল্লেখ্য, এর আগে সৃজিতের ‘নির্বাক’ ছবির জনপ্রিয় গান ‘যদি আকাশের গায়ে’-র কথা ও সুর তাঁরই সৃষ্টি ছিল।
(Feed Source: zeenews.com)