
বিশ্বসুন্দরীর খেতাব
২০০০ সালে মাত্র ১৭ বছর বয়সে বিশ্বসুন্দরীর খেতাব জিতেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। এরপর বলিউডের দরজা তাঁর জন্য উন্মুক্ত হয়ে যায়। যদিও পরবর্তীকালে চর্চা হয়েছিল এই বিষয়ে যে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় সময় প্রিয়াঙ্কা চোপড়া একটি প্রশ্নের ভুল উত্তর দিয়েছিলেন, তবুও মিস ওয়ার্ল্ডের মুকুট তাঁর মাথায় উঠেছিল। সেই বছর লন্ডনের মিলেনিয়াম ডোমে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে, প্রিয়াঙ্কা চোপড়াকে জিজ্ঞাসা করা হয়েছিল, কোন জীবিত মহিলাকে তিনি বিশ্বের সবচেয়ে সফল মহিলা বলে মনে করেন। সেখানে তাঁর উত্তর ছিল মাদার টেরেসা। প্রিয়াঙ্কার এই উত্তরের পর করতালিতে মুখর হয়ে ওঠে পুরো হল, সেখানে উপস্থিত দর্শকদের পাশাপাশি প্রিয়াঙ্কার এই উত্তর বিচারকদেরও মন জয় করে নেয়।

বিতর্কিত ব্যক্তিগত জীবন
তবে ব্যক্তিগত জীবনে সম্পর্ক নিয়েও তিনি একাধিক বিতর্কে জড়িয়েছেন। অভিনয়ের আগে প্রিয়াঙ্কার নাম জড়িয়েছিল মডেল ও অভিনেতা অসীম মার্চেন্টের সঙ্গে। এমনকি অসীমের সঙ্গে ঝগড়ার জেরে নাকি আত্মহত্যাও করতে চেয়েছিলেন প্রিয়াঙ্কা। এছাড়া বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার, হরমন ভাওয়েজা, শাহিদ কাপুরের সঙ্গেও তাঁর নাম জড়ায়। একসময় শোনা গিয়েছিল বলিউডের কিং খান শাহরুখের সঙ্গে সম্পর্ক রয়েছে তাঁর। কিন্তু দুজনের কেউই এই কথায় কখনও স্বীকৃতি দেননি।

বলিউড থেকে হলিউড সফর
বলিউড থেকে হলিউড সফরের রাস্তাটাও যথেষ্টই আকর্ষণীয় ছিল প্রিয়াঙ্কা চোপড়ার ক্ষেত্রে। টিভি সিরিজ কোয়ান্টিকো, ডয়েন রক জনসনের সঙ্গে বেওয়াচ সহ একাধিক কাজ করেছেন তিনি। এরই মধ্যে পপুলার চয়েস পুরস্কারও পেয়েছেন তিনি। এরই মধ্যে বেশ কিছুদিন ডেট করার পর ২০১৮ সালে হলিউডের বিখ্যাত পপ তারকা নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা। এখন সুখেই ঘরকন্না করছেন দুজন।
