জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সব জল্পনার অবসান ঘটিয়ে এবার ছোটপর্দায় ধরা দিতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে কোনও মেগা ধারাবাহিকে অভিনয় করতে নয়, সান বাংলার অত্যন্ত জনপ্রিয় গেম শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর মঞ্চে বিশেষ অতিথি হিসেবে হাজির হবেন তিনি। ‘আজও অর্ধাঙ্গিনী’ ছবিতে ফের দর্শকদের মন জয় করেছেন জয়া আহসান। এবার তাঁকে দেখা যাবে ছোটপর্দার একটি জনপ্রিয় রিয়ালিটি শোয়ের বিশেষ পর্বে।
চ্যানেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, চলতি জুলাই মাসের গ্র্যান্ড ফিনালে পর্বকে আরও আকর্ষণীয় ও জাঁকজমকপূর্ণ করে তুলতেই জয়া আহসানকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ৩১ জুলাই (শুক্রবার) সন্ধ্যা ৭টায় সান বাংলায় সম্প্রচারিত হবে এই বিশেষ পর্বটি। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী এই শোয়ের উপস্থাপক। জানা গিয়েছে, আগামী ৩১ জুলাই ৭ টায় সম্প্রচারিত হবে ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর বিশেষ পর্ব। তাতেই উপস্থিত থাকবেন জয়া।
অভিনয়ের পাশাপাশি নিজের স্টাইল ও ফ্যাশনের জন্য বরাবরই চর্চায় থাকেন জয়া। এই শো-তে এসে ‘মিস ক্যালকাটা’, ‘সোহাগ চাঁদ’-এর মতো সুপারহিট সব আইকনিক গানে পা মেলাবেন অভিনেত্রী। কেবল নাচ-গানই নয়, শো-এর সঞ্চালিকা ও অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর সঙ্গে আড্ডায় মেতে উঠবেন তিনি। দু’জনের এই রসায়ন পুরো পর্বটিকে এক আলাদা মাত্রায় নিয়ে যাবে। সূত্রের খবর, ইতিমধ্যেই এই পর্বের শুটিং হয়ে গিয়েছে। হাসি-আড্ডায় অন্য প্রতিযোগীদের সঙ্গে মেতে উঠেছিলেন অভিনেত্রী। জয়া আহসানকে কাছে পেয়ে আপ্লুত প্রতিযোগীরাও।
প্রতিযোগীদের সাহস জোগাবেন জয়া
গেম শো-এর ৪ জন সাধারণ প্রতিযোগীর মুখোমুখি হবেন জয়া আহসান। তাঁদের জীবনের নানা সংগ্রাম ও কঠিন লড়াইয়ের গল্প শুনবেন, সাহস জোগাবেন এবং তাঁদের এই জার্নি ও সাফল্যকে উদযাপন করবেন। পাশাপাশি নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে এগিয়ে চলার অনুপ্রেরণাও দেন তিনি। কেবল প্রতিযোগী বা দর্শকরাই নন, সঞ্চালিকা সুদীপ্তা চক্রবর্তীও সমান ভাবে মুগ্ধ জয়া আহসানের ক্যারিশমায়। তাঁদের দু’জনের আড্ডা, গল্প গোটা পর্বকে আরও বেশি প্রাণবন্ত করে তুলবে।
উল্লেখ্য, সান বাংলার ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ এখন বাংলার অন্যতম সফল রিয়েলিটি গেম শো। মাঝে সঞ্চালিকা সুদীপ্তা চক্রবর্তীর শো ছেড়ে দেওয়ার একটি রটনা ছড়িয়ে পড়লেও, জানা গিয়েছে তিনি কিছুদিনের জন্য একটি বিরতি চেয়েছেন মাত্র। আপাতত তাঁকেই দুর্দান্ত মেজাজে সঞ্চালনার দায়িত্বে দেখা যাচ্ছে।
(Feed Source: zeenews.com)