নির্বাচন ঘিরে উত্তপ্ত PoK, নির্বিচারে গুলি পাক সেনার, ২৪ ঘণ্টায় নিহত ২০, আহত ৫০

নির্বাচন ঘিরে উত্তপ্ত PoK, নির্বিচারে গুলি পাক সেনার, ২৪ ঘণ্টায় নিহত ২০, আহত ৫০

 

নয়াদিল্লি: ফের উত্তপ্ত পাকিস্তান অধিকৃত কাশ্মীর। কমপক্ষে ২০ জন কাশ্মীরি প্রাণ হারিয়েছেন বলে খবর। আহতের সংখ্যা কমপক্ষে ৫০। গত ২৪ ঘণ্টায় পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। নিরস্ত্র আন্দোলনকারীদের উপর পাক সেনা নির্বিচারে গুলি চালিয়েছে বলে অভিযোগ। (PoK Situation)

পাক অধিকৃত কাশ্মীরে সদ্য সমাপ্ত নির্বাচনে প্রথম দফায় ১৩টির মধ্যে নয়টি আসনে জয়ী হয়েছে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (PML-N). বাকি চারটিতে জয়ী হয়েছে পাকিস্তানস পিপল পার্টি (PPP). ওই দুই দলই কেন্দ্রে পরস্পরের শরিক। স্থানীয় বাসিন্দাদের দাবি, ব্যাপক ছাপ্পাভোট হয়েছে। (PoK Firing)

স্থানীয় সূত্রে খবর, রাওলাকোটের ড্রেইক এইটথ এরিয়ায় হিংসা চরমে পৌঁছে ছে। গত কাল থেকে সেখানে ২০ জন কাশ্মীরিকে হত্যা করেছে পাকিস্তানি সেনা। জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটির সদস্য তথা মুখপাত্র উমর নাজির কাশ্মীরির ভাই উসমান নাজিরও সেনার গুলিতে মারা গিয়েছেন। তাঁরা নির্বাচন বয়কটের ডাক দিয়েছিলেন।

নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে পাক অধিকৃত কাশ্মীরে অতিরিক্ত ১৪০০০ সশস্ত্র বাহিনী পাঠিয়েছে পাকিস্তান সরকার। বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে স্নাইপারও। সংবাদ সংস্থা IANS জানিয়েছে, নির্বাচন বয়কট করে যাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন, তাঁদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকারই। সেখানে ইন্টারনেট, মোবাইল পরিষেবাও বন্ধ রাখা হয়েছে। বেশ কিছু জায়গায় জল এবং বিদ্যুৎ পরিষেবাও বন্ধ বলে খবর।

জুন মাসের শুরু থেকেই উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর। এখনও পর্যন্ত সেখানে ৮০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে পর পর বেশ কিছু দেহ পড়ে রয়েছে রাস্তায়। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আকিল ভাই বলেন, “ভয়ঙ্কর পরিস্থিতি। রাওলাকোট জুড়ে মৃতদেহ পড়ে রয়েছে। আমাদের পাশে দাঁড়ান। আমি অল্পের জন্য বেঁচে গিয়েছি। নিজের জীবনের পরোয়া নেই। কিন্তু এতজনের প্রাণ চলে যেতে দেখে বাকরুদ্ধ।”

পাক অধিকৃত কাশ্মীরে যে বিধানসভা রয়েছে, তার ৪৫টি আসনে  ২৭ জুলাই থেকে তিন দফায় নির্বাচন চলছে। ভারত যদিও PoK-কে পাকিস্তানের অংশ বলে স্বীকৃতি দেয়নি। জোরপূর্বক, বেআইনি ভাবে উপত্যকার একটি অংশকে পাকিস্তান দখল করে রেখেছে বলে বরাবর দাবি করে আসছে দিল্লি।

(Feed Source: abplive.com)