Lakh Takar Lokkhi Labh: সুদীপ্তার জায়গায় পায়েল দে, ‘লাখ টাকার লক্ষ্মী লাভ’-এর নতুন সঞ্চালক হয়েই কী বললেন অভিনেত্রী?

Lakh Takar Lokkhi Labh: সুদীপ্তার জায়গায় পায়েল দে, ‘লাখ টাকার লক্ষ্মী লাভ’-এর নতুন সঞ্চালক হয়েই কী বললেন অভিনেত্রী?

 

বাংলা জনপ্রিয় রিয়ালিটি শো লাখ টাকার লক্ষ্মী লাভ৷ প্রতিটি প্রতিযোগী নিজের সংগ্রাম, অধ্যবসায় এবং আশার গল্প নিয়ে এই মঞ্চে আসেন, যা এই অনুষ্ঠানকে বিনোদনের পাশাপাশি এক আবেগঘন যাত্রায় পরিণত করেছে।

লাখ টাকার লক্ষ্মী লাভ-এ বদল৷ সুদীপ্তা চক্রবর্তীর পরিবর্তে এই শোয়ে এবার দেখা যাবে অভিনেত্রী পায়েল দে-কে৷ ২০২৪ সালে সম্প্রচার শুরু হয় এই অনুষ্ঠানের৷ তখন থেকেই সুদীপ্তা ছিলেন এই শোয়ের হোস্ট৷ টানা প্রায় ২ বছর তিনিই এই শোয়ের সঞ্চালনা করেছেন৷ এবার তাঁর বদলে পায়েল৷

এই শোয়ের যোগদান করেই পায়েল বলেন “‘লাখ টাকার লক্ষ্মী লাভ’-এর সঞ্চালক হিসেবে এই নতুন যাত্রা শুরু করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত, এটি বাংলার অন্যতম জনপ্রিয় একটি শো। এই যাত্রাটি আমার কাছে আরও বিশেষ কারণ সঞ্চালক হিসেবে এটিই আমার প্রথম রিয়েলিটি শো—একই সঙ্গে এটি একটি রোমাঞ্চকর নতুন চ্যালেঞ্জ, যার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। ”

এর আগে সান বাংলা-য় রই নামের একটি ধারাবাহিকে অভিনয় করতেন তিনি৷ ফলে এটা তাঁর কাছে যেন আবার ঘরে ফেরা৷ বহু সিরিয়ালে কাজ করেছেন পায়েল৷ তবে কোনও রিয়ালিটি শোয়ের হোস্ট হিসেবে এটা তাঁর প্রথম কাজ৷ এবং প্রথমেই একটি অতি জনপ্রিয় শোয়ের সঞ্চালক হচ্ছেন তিনি৷ তিনি সান বাংলায় অকাল বোধনেও ছিলেন দেবী রূপে৷

পায়েল বলছেন, “রিয়্যালিটি শো-এর সঞ্চালিকার ভূমিকায় এই প্রথম বার কাজ করছি। খুবই উত্তেজিত আমি। বহু মানুষের সঙ্গে কথা বলার সুযোগ পাচ্ছি।”

তিনি আরও জানান, “এটি এমন একটি অনুষ্ঠান যা কেবল বিনোদনই দেয় না, বরং আমাদের ভিন্নভাবে চিন্তা করতেও অনুপ্রাণিত করে। প্রতিযোগীদের সঙ্গে কথা বলার সময় এবং তাদের সংগ্রাম, ত্যাগ ও ঘুরে দাঁড়ানোর গল্প শোনার পর আমি বুঝতে পারি, আমাদের নিজেদের সমস্যাগুলো অনেক সময় কতটা নগণ্য। এমন অসাধারণ সব নারীর মুখোমুখি হওয়াটা আমাকে বিনম্র করে তোলে এবং আমি তাদের এই যাত্রার অংশ হতে চাই—যেভাবে সম্ভব সেভাবেই।”

(Feed Source: news18.com)