)
PM Narendra Modi: গত কয়েক দশক ধরে প্রত্যেক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই ধরনের প্রশ্নফাঁসের সমস্যা হচ্ছে। এতে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ বার বার বিপন্ন হচ্ছে। দেশব্যাপী, রাজ্য এবং কেন্দ্রের শিক্ষাব্যবস্থায় পরিবর্তন অনিবার্য’।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: লোকসভার পর এবার রাজ্য়সভাতেও পাস প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল। ‘পরীক্ষা পদ্ধতিকে বিশ্বাসযোগ্য করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা কাজ মিটল’, রাতে ফের ভিডিয়ো বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভিডিয়ো বার্তা প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের পরীক্ষা পদ্ধতিকে নির্ভরযোগ্য করে তোলার জন্য আমরা একের পর এক পদক্ষেপ করছি। টাস্ক ফোর্স গঠন থেকে শুরু করে ফাস্ট ট্র্যাক আদালত— অনেক কিছু করা হয়েছে। গত কয়েক দশক ধরে প্রত্যেক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই ধরনের প্রশ্নফাঁসের সমস্যা হচ্ছে। এতে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ বার বার বিপন্ন হচ্ছে। দেশব্যাপী, রাজ্য এবং কেন্দ্রের শিক্ষাব্যবস্থায় পরিবর্তন অনিবার্য। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার আবশ্যক হয়ে পড়েছে’।
মোদীর বক্তব্য, ‘প্রশ্নফাঁস যারা ঘটাচ্ছে, এই ধরনের কোনও গোষ্ঠীকে বরদাস্ত করা হবে না। তার জন্য কঠোর আইন জরুরি। আমরা সেই মতো সংসদে বিল পেশ করেছিলাম। সংসদের দুই কক্ষেই অনেক সদস্য এই সংক্রান্ত আলোচনায় যোগ দিয়েছেন। আজ উভয় কক্ষে বিলটি পাস হয়েছে। পরীক্ষা পদ্ধতিকে বিশ্বাসযোগ্য করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা কাজ মিটল। এই ধরনের কাজ চলতে থাকবে। আসুন আমরা সকলে মিলে বিকশিত ভারতের স্বপ্ন পূরণ করতে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলি’।
নিট (NEET) প্রশ্নফাঁস বিতর্ক। তুমুল বিক্ষোভে মুখে এবার কড়া আইন আনছে কেন্দ্র। সোমবার লোকসভায় পেশ করা হয় প্রশ্নফাঁস প্রতিরোধ বিল। বুধবার ধ্বনিভোটে সেই বিল পাসও হয়ে যায়। আজ, বৃহস্পতিবার প্রশ্নফাঁস প্রতিরোধ বিলে অনুমোদন মিলল রাজ্যসভায়ও। এই বিলে প্রশ্নফাঁসে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১০ বছরের জেল ও ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানার প্রস্তাব দিয়েছে কেন্দ্র। শুধু তাই নয়, মামলার দ্রুত নিষ্পত্তির জন্য তৈরি করা হবে ফাস্ট ট্র্যাক কোর্টও।
(Feed Source: zeenews.com)
