)
স্বস্তির খবর! ডান হাতের সফল অস্ত্রোপচারের পর কলকাতার পিয়ারলেস হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। হাতের গ্রিপ ও শক্তি দ্রুত ফিরে পাওয়ায় খুশি তিনি!
অয়ন শর্মা: প্রবীণ অভিনেতা ও সমাজসেবী মিঠুন চক্রবর্তীর ডান হাতের কনুইয়ের জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচারের পর দ্রুত শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় শনিবার, ৮ আগস্ট, ভর্তি হওয়ার দ্বিতীয় দিনেই তাঁকে কলকাতার পিয়ারলেস হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। ডান হাত ও আঙুলে তীব্র ব্যথা, ঝিনঝিনে অনুভূতি এবং হাতের গ্রিপ বা মুঠোর শক্তি কমে যাওয়ার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মহাগুরু। প্রায় দু’বছর আগে তাঁর ডান হাতের কনুইয়ের নীচের অংশে (Distal Humerus) জটিল ফ্র্যাকচার হয়েছিল এবং অন্য একটি হাসপাতালে অস্ত্রোপচার করে প্লেট ও স্ক্রু বসানো হয়েছিল।
পিয়ারলেস হাসপাতালের অর্থোপেডিক্স ও ট্রমাটোলজি বিভাগের ক্লিনিক্যাল ডিরেক্টর ডা. সোমনাথ দে-র নেতৃত্বে বিশেষজ্ঞ দল এই অস্ত্রোপচারটি পরিচালনা করেন। অস্ত্রোপচারের সময় দেখা যায়, ৬ মিলিমিটার আকারের একটি ক্যানুলেটেড স্ক্রু সরাসরি অভিনেতার Ulnar Nerve-এর উপর তীব্র চাপ সৃষ্টি করছিল। চিকিৎসকরা অত্যন্ত সতর্কতার সঙ্গে স্ক্রুটি অপসারণ করেন এবং স্নায়ুটিকে ফাইব্রাস টিস্যু থেকে মুক্ত (Neurolysis) করেন।
অস্ত্রোপচারের পরদিন থেকেই মিঠুন চক্রবর্তীর হাত ও আঙুলের অসাড়তা অনেকাংশে কমে যায় এবং আঙুলের শক্তির স্বাভাবিক গ্রিপ ফিরে আসতে শুরু করে। হাসপাতাল থেকে ছাড়ার সময় মিঠুন চক্রবর্তী চিকিৎসকদের টিমকে ধন্যবাদ জানিয়ে বলেন, “পিয়ারলেস হাসপাতালে কীভাবে তিন দিন কেটে গেল বুঝতেই পারলাম না।” ডা. সোমনাথ দে, ডা. প্রদীপ সেন, ডা. প্রসাদ কৃষ্ণন সহ পুরো মেডিকেল টিম ও নার্সদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এর আগে শুক্রবার সকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী হাসপাতালে গিয়ে অভিনেতার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং পিয়ারলেস হাসপাতালের পরিকাঠামো ও অভিজ্ঞ চিকিৎসকদের প্রশংসা করেন। হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর ডা. ডি. পি. সামাদ্দার জানান, অর্থোপেডিক্স, নিউরোসায়েন্স, প্লাস্টিক সার্জারি ও অ্যানেস্থেশিয়া বিভাগের যৌথ প্রচেষ্টাতেই এই সাফল্য সম্ভব হয়েছে।
(Feed Source: zeenews.com)
