
বার বার কেন কুয়োর জল এভাবে দুলে উঠছে, তার কারণ জানতে চান উদ্বিগ্ন বাসিন্দারা৷ তাঁরা চাইছেন প্রয়োজনে বিশেষজ্ঞদের এলাকায় নিয়ে এসে কুয়োর জলের এই অস্বাভাবিক নড়াচড়ার কারণ খুঁজে বের করা হোক৷
গুজরাতের মোরবির সেই কুয়ো৷
শান্ত কুয়োর জলেই হঠাৎ করে ঢেউ উঠছে৷ ভূমিকম্প বা অন্য কিছু নয়, আচমকাই কুয়োর জলে এমন ঢেউ দেখে অবাক হয়েছেন গুজরাতের মোরবির ভিরপরদা গ্রামের বাসিন্দারা৷ কুয়োর জলে এমন অস্বাভাবিক ঢেউকে ঘিরে সমাজমাধ্যমেও রীতিমতো চর্চা শুরু হয়েছে৷
স্থানীয় বাসিন্দাদের দাবি, বৃহস্পতিবার বিকেল থেকে হঠাৎই কুয়োর জলে এমন ঢেউ খেলতে দেখছেন তাঁরা৷ দু দিন আগেও এরকম হয়েছিল বলে দাবি স্থানীয়দের৷ তার পরে অবশ্য কুয়োটির জল শান্ত হয়ে যায়৷ বৃহস্পতিবার বিকেল থেকে কুয়োর ভিতরে জলে ফের অস্বাভাবিক ভাবে ঢেউ উঠতে দেখা যায়৷
কুয়োর জলে এই প্রবল দুলুনির খবর ছড়িয়ে পড়তেই অস্বাভাবিক এই ঘটনা দেখতে ভিড় জমান গ্রামবাসীরা৷ আশেপাশের গ্রাম থেকেও অনেকে নিজের চোখে কুয়োর জলে ঢেউ দেখতে আসেন৷ দ্রুত এই ঘটনার কথা সমাজমাধ্যমেও ছড়িয়ে পড়ে৷
কী কারণে কুয়োর জল এভাবে দুলে উঠছে বা তাতে ঢেউ উঠছে, তা এখনও স্পষ্ট নয়৷ স্থানীয়দের একাংশের দাবি, মোরবির ওই এলাকা ভূমিকম্পপ্রবণ৷ অতীতে সেখানে ভূমিকম্পও হয়েছে৷ ফলে মাটির নীচে নতুন করে কোনও কম্পনের ফলে কুয়োর জল দুলে উঠছে কি না, সেই প্রশ্নও তুলেছেন অনেকে৷ যদিও এ বিষয়ে এখনও সরকারি কোনও ব্যাখ্যা মেলেনি৷
জেলাশাসক জানিয়েছেন, এই খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিশেষজ্ঞদের ঘটনাস্থলে পাঠানো হয়৷ প্রাথমিক পরীক্ষার পর তাঁদের অনুমান, সম্ভবত মাটির নীচে আটকে থাকা বাতাসের কারণেই কুয়োর জলে এ ভাবে ঢেউ উঠছে৷
কুয়োর জলে এ ভাবে ঢেউ উঠতে দেখে সমাজমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া উঠে এসেছে৷ কেউ এই ঘটনার পিছনে থাকা সম্ভাব্য বৈজ্ঞানিক কারণ ব্যাখ্যা করার চেষ্টা করেছেন৷ কেউ আবার ঘটনাটি নিয়ে সরস মন্তব্য করেছেন৷ তার মধ্যে একজন ব্যাখ্যা করে লিখেছেন, বেশি বৃষ্টিপাতের ফলে মাটির নীচে সব ফাঁকা জায়গাতেই দ্রুত জল জমে যায়৷ এর ফলে মাটির নীচে আটকে থাকা হাওয়া চাপ খেয়ে পাথরের ফাঁক দিয়ে উপরে ওঠার চেষ্টা করে এবং জলে দুলুনির সৃষ্টি হয়৷ সম্ভবত সেই কারণেই কুয়োর জলে এভাবে নড়াচড়া দেখা যাচ্ছে৷
(Feed Source: news18.com)
