
খেলা মানেই তো আর শুধু হার-জিত নয়, খেলা মানে ইতিহাস, খেলা মানে অনেক অজানা গল্পও। গ্লাসগো কমনওয়েলথে পদকজয়ী ভারতীয় বক্সার নরেন্দ্র বেরওয়াল তেমনই এক অজানা গল্প শেয়ার করে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গত রবিবার তাঁর বাসভবন লোক কল্যাণ মার্গে, সদ্য়সমাপ্ত গ্লাসগো কমনওয়েলথ গেমসের পদকজয়ীদের আমন্ত্রণ জানিয়ে ছিলেন। বিশ্বমঞ্চে ভারতীয় ক্রীড়াবিদদের সাফল্য উদযাপন করার জন্য় যেমনটা তিনি করেই থাকেন। ১৩ সোনা, ১৭ রুপো ও ৯ ব্রোঞ্জ-সহ মোট ৩৯ পদক জিতে ভারত চার নম্বরে শেষ করেছে এবার। মোদী অনুষ্ঠানে সকল পদকজয়ীদের সঙ্গেই আলাদা করে কথা বলেছিলেন। দেশের ক্রীড়াবিদরা তাঁদের কমনওয়েলথ ও খেলা সংক্রান্ত বিভিন্ন অভিজ্ঞতাই শেয়ার করেছেন প্রধামন্ত্রীর সঙ্গে। তবে মাইক বক্সার নরেন্দ্র বেরওয়ালের হাতে উঠতেই খবর হয়ে যায়। গ্লাসগোয় যিনি পুরুষদের ৯০+ কেজি বিভাগে রুপো জিতেছেন। নরেন্দ্র ২০১৫ মিলিটারি গেমসে ভারত-পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা নিয়ে এমন এক ঘটনা শেয়ার করেছেন যা শুনে মোদী হো হো করেই হেসে উঠেছেন। সংবাদসংস্থা এএনআই মোদী ও বক্সারের কথোপকথনের ক্লিপও শেয়ার করেছে।
বক্সার নরেন্দ্র বলেন, ‘যেহেতু আমরা পাকিস্তানের প্রসঙ্গ নিয়ে কথা বলছিলাম, তাই একটা ঘটনার কথা আমার মনে পড়ে গেল স্যার। ২০১৫ সালের ওয়ার্ল্ড মিলিটারি গেমসের কথা। সেখানে আমার প্রথম ফাইট হওয়ার কথা ছিল পাকিস্তানের এক বক্সারের বিরুদ্ধে। যেহেতু এটি ছিল মিলিটারি গেমস, তাই আমি সেনার কর্তাদের থেকে অনেক ফোন পেয়েছিলাম। আমাকে শুধু বলা হয়েছিল যে, আমি যেন পাকিস্তানের কাছে কোনও ভাবেই না হারি। প্রথম রাউন্ডে ৪-১ এবং দ্বিতীয় রাউন্ডে ৩-২ ব্যবধানে পাকিস্তানি বক্সারকে হারিয়ে ছিলাম। তবে ফাইটের সময়ে দু’জনেরই চোট লেগেছিল এবং কেটে যায়। সেলাই করাতে আমরা একসঙ্গে হাসপাতালে গিয়েছিলাম। ২০১৪ সালে আমি প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছিলেন। আমাদের সঙ্গে থাকা সেনার ওই কোচের নাম ছিল নরেন্দ্র রানা। পাকিস্তানি বক্সার কিছুক্ষণ ভেবে আমাকে বলেছিল, ভাই, আমি একটা কথা বলতে পারি? আমি বলেছিলাম, হ্যাঁ, বলুন। আপনার নাম নরেন্দ্র। আপনার কোচের নামও নরেন্দ্র। এমনকী আপনাদের প্রধানমন্ত্রীর নামও নরেন্দ্র। এই নরেন্দ্র নামেই আমার ঘেন্না ধরে গিয়েছে।’ বক্সারের এই গল্প শুনে মোদী আর নিজের হাসি চাপতে পারেননি। তাঁর সঙ্গেই বাকি ভারতীয় পদকজয়ীরাও হাসিতে ফেটে পড়েছিলেন।
(Feed Source: zeenews.com)
