
দিনকয়েক আগেই এবিপি আনন্দের এক সাক্ষাৎকারে শিবপ্রসাদ মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করার পূর্বাভাস দিয়েছিলেন। জানিয়েছিলেন মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ না করলে চিরজীবন আক্ষেপ রয়ে যাবে। তাঁকে বলতে শোনা যায়, ‘মিঠুন দার সঙ্গে আমার বহুবার কথা হয়েছে। এবারেই মিঠুন দার এক রিয়েলিটি শোয়ে প্রমোশনে গিয়েছিলাম। সেখানে আমায় জিজ্ঞেস করেছিলেন যে কবে কাজ শুরু করব? আমি বলি খুব শিগগিরি প্ল্যান হচ্ছে, আমরা কাজ করব দাদা। মিঠুন দার সঙ্গে কাজ করবই। মিঠুন দা একজন লেজেন্ড। তাঁর সঙ্গে কাজ না করলে আক্ষেপ রয়ে যাবে।’
সেই পূর্বাভাসের পর বেশিদিন অপেক্ষা করতে হল না। আজই গণমাধ্যমে সরকারিভাবে মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করার কথা ঘোষণা করে দিলেন শিবপ্রসাদ। জানালেন তাঁর স্বপ্নপূরণ হচ্ছে। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘হ্যাঁ ফাইনালি আমরা কাজ করছি একসাথে। আমি আর নন্দিতা দি সঙ্গে মিঠুন চক্রবর্তী। প্রত্যেক মানুষেরই কিছু স্বপ্ন থাকে। সেগুলো খুব ছোটবেলা থেকে মনের মধ্যে নিঃশব্দে বাসা বেঁধে থাকে। আমার তেমনই একটা স্বপ্ন ছিল — কোনও একদিন মিঠুন চক্রবর্তীর সঙ্গে কাজ করব।’
তিনি যোগ করেন, ‘একসঙ্গে কাজ করার ইচ্ছেটাও ছিল বহুদিনের। কিন্তু কিছু কিছু অপেক্ষা বোধহয় ঠিক গল্পটার জন্যই থেকে যায়। যেদিন ওনার সাথে দেখা করে গল্পটা শোনালাম, বুকের ভিতর কোথাও সেই ছোটবেলার আমিটা বোধহয় তখনও চুপ করে বসেছিল। গল্প বলা শেষ হতেই মিঠুনদা হ্যান্ডশেক করে বললেন। ফাটিয়ে দিয়েছিস! এতো আমার জীবনের গল্প।’
এবার ২৫ বছর পূর্তি উপলক্ষে অবশেষে উইন্ডোজ প্রোডাকশনের সঙ্গে কাজ করছেন মিঠুন চক্রবর্তী। আগামী বছরই মিঠুন চক্রবর্তীর সঙ্গে তাঁদের পরবর্তী সিনেমা মুক্তি পাবেন বলে একই পোস্টে ঘোষণা করেন শিবপ্রসাদ। মিঠুন চক্রবর্তী এখন ভাল আছেন এবং তাঁদের এই সিনেমার সব কথাবার্তা আজই ফাইনাল হয়েছে বলেও জানান শিবপ্রসাদ। এবার এই সিনেমার জন্য প্রহর গোনার পালা শুরু।
(Feed Source: abplive.com)
