জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নির্জন রাস্তায় রহস্যময় সুটকেস! খুলতেই সামনে এল হাড়হিম করা দৃশ্য। অস্ট্রেলিয়ার এক নির্জন গ্রামীণ রাস্তা। সিডনি থেকে প্রায় ২৩০ কিলোমিটার দূরে ওলেন গ্রামের পাশ দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় দুই ব্যক্তির চোখে পড়ে একটি ভারী, পরিত্যক্ত সুটকেস। আর ঠিক যেখান থেকেই শুরু হয় এক গা শিউরে ওঠা রহস্যের। কৌতূহলবশত সুটকেসটির কাছে যেতেই তাঁরা ভেতরে যা দেখলেন, তাতে রক্ত হিম হয়ে যাওয়ার উপক্রম!
মনে হচ্ছিল, কোনো মহিলার ক্ষতবিক্ষত ও কালশিটে পড়া মৃতদেহ সেখানে গোঁজা রয়েছে। মুহূর্তের মধ্যে খবর পৌঁছাল থানায়। খবর পাওয়ার পরই নড়েচড়ে বসল প্রশাসন। ঘটনার গুরুত্ব বুঝে মাঠে নামল হোমিসাইড ডিটেক্টিভ ও ফরেনসিক বিশেষজ্ঞদের একটি বিশেষ দল। চারপাশের থমথমে বাতাসে তখন একটাই প্রশ্ন—কে এই মহিলা? নেপথ্যে কি কোনও নৃশংস খুনের রহস্য লুকিয়ে আছে?
ফরেনসিক রিপোর্টের চাঞ্চল্যকর মোড়!
তদন্ত যত এগোচ্ছিল, রহস্যের জট ততই ঘনীভূত হচ্ছিল। পুলিসও প্রথমটায় বিষয়টিকে নিখুঁত একটি খুনের মামলা হিসেবেই ধরে নিয়েছিল। কিন্তু ফরেনসিক ল্যাবের পরীক্ষা এবং চাঞ্চল্যকর সত্য সামনে আসতেই খোদ গোয়েন্দাদের চোখ কপালে উঠল! তদন্তকারীরা জানতে পারলেন, সুটকেসের ভেতরে থাকা জিনিসটি আদতে কোনও মানুষের দেহ নয়! সেটি ছিল একটি অত্যন্ত নিখুঁত এবং জীবন্ত মানুষের মতো দেখতে ‘সেক্স ডল’। পুতুলটির চুল, নাকে পিয়ার্সিং এবং গায়ে এমন কিছু কৃত্রিম কালশিটে বা আঘাতের দাগ ছিল, যা প্রথম দেখায় যেকোনও মানুষকে ভুল বুঝতে বাধ্য। খুন ভেবে শুরু হওয়া এক লোমহর্ষক মামলার এমন অদ্ভুত ও অবিশ্বাস্য সমাপ্তিতে তাজ্জব বনে গেছেন তদন্তকারী পুলিস অফিসাররাও!
(Feed Source: zeenews.com)