Student Training at Alipore zoo: স্কুল পড়ুয়ারাই এবার ‘জু রেঞ্জার’, আলিপুর চিড়িয়াখানায় হাতে-কলমে বন্যপ্রাণ সংরক্ষণের পাঠ। ট্রেনিং নিয়ে বিশদে জানুন…
বাঘ, ভালুক-সহ অন্যান্য প্রাণী দেখতে চিড়িয়াখানায় ছোটদের ভিড় জমে সবসময়। সেজন্য এবার ছোটরাই চিড়িয়াখানার পশুপাখিদের দেখভালের কাজ কাছ থেকে শিখবে। কলকাতার স্কুল পড়ুয়াদের জন্য এমনই অভিনব উদ্যোগ নিচ্ছে আলিপুর চিড়িয়াখানা। স্কুল থেকে বেছে নেওয়া হবে ‘জু রেঞ্জার। হাতেকলমে প্রশিক্ষণের মাধ্যমে জীববৈচিত্র্য ও বন্যপ্রাণ সংরক্ষণের পাঠ দেওয়া হবে তাদের। ছবি ও তথ্য: নবাব মল্লিক
কীভাবে চিড়িয়াখানায় পশুপাখিদের যত্ন নেওয়া হয়, বন্যপ্রাণ সংরক্ষণে চিড়িয়াখানার ভূমিকা কী, দর্শকদের ভিড় কীভাবে সামলাতে হয়, সহ একাধিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে পড়ুয়াদের। চলতি মাস থেকেই আলিপুর চিড়িয়াখানার উদ্যোগে শুরু হচ্ছে ‘জু রেঞ্জার’ প্রোগ্রাম। অষ্টম ও নবম শ্রেণির পড়ুয়ারা এই কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পাবে। প্রতিটি স্কুল থেকে দু’জন করে পড়ুয়াকে বেছে নেওয়া হবে।
প্রশিক্ষণ শেষ হওয়ার পর এই খুদে রেঞ্জাররা নিজেদের স্কুলে ‘জু অ্যাম্বাসাডর’ হিসেবে কাজ করবে। স্কুলের অন্যান্য পড়ুয়াদের পরিবেশ, জীববৈচিত্র্য এবং বন্যপ্রাণ সংরক্ষণ সম্পর্কে সচেতন করবে তারা।
আলিপুর চিড়িয়াখানার ওয়েবসাইটে ইতিমধ্যেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনলাইনে স্কুলগুলিকে জু রেঞ্জার প্রশিক্ষণের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা তৃপ্তি শাহ বলেন, “জীববৈচিত্র্য ও বন্যপ্রাণ বাঁচলে তবেই পরিবেশ বাঁচবে। তাই পরিবেশ রক্ষার কাজে ছোটবেলা থেকেই উৎসাহ জোগাতে হবে। জীববৈচিত্র্য ও বন্যপ্রাণ সংরক্ষণের কাজে ছোটরাও যাতে অংশ নিতে পারে, সেই লক্ষ্যেই এই উদ্যোগ।”
প্রশিক্ষণ শেষে জু রেঞ্জারদের সার্টিফিকেট দেবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এছাড়াও পরিবেশ দিবস, অরণ্য সপ্তাহ, ওয়াইল্ডলাইফ উইকের মতো বিভিন্ন পরিবেশ সংক্রান্ত অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ থাকবে তাদের। পরিবেশ রক্ষার বিভিন্ন বিষয়ে নিজেদের পরামর্শও দিতে পারবে এই খুদে রেঞ্জাররা। ছবি ও তথ্য: নবাব মল্লিক
(Feed Source: news18.com)
