
‘পাখির বাসা’ সিনেমার গল্প
ঠিক কোন পটভূমিতে তৈরি হয়েছে নতুন এই ছবি? পরিচালক জানাচ্ছেন, ‘পাখির বাসা’ ছবিটি হল, মনোময় ও পরমার গল্প। মনোময় অবসরপ্রাপ্ত বেসরকারি চাকরিজীবী। বিপত্নীক একমাত্র সন্তান হৃদয় ও পুত্রবধূ জুঁইকে নিয়ে তার সংসার । তবুও পুত্রবধূ ও পুত্রের নানারকম গঞ্জনা ও লাঞ্ছনা তাকে প্রতিদিন সহ্য করতে হয়। এই বাড়িতে মনোময়কে শুধুমাত্র বোঝে, তার পালিত ছেলে গোপাল। মনোময় এর ছেলে, বৌমা গোপালকে সহ্য করতে পারে না। শুধুমাত্র চাকর মনে করে। শুরু হয় নানা রকম অশান্তি। অন্যদিকে পরমা বিধবা। তার একটি পুত্র ও কন্যা সন্তান আছে। তারাও বিবাহিত। পরমার কোনো খোঁজ খবর করে না। শুধুমাত্র স্বার্থের জন্য মাঝেমধ্যে আসে। কিন্তু পরমাকে সর্বক্ষণ আগলে রাখে তার কাজের মহিলা মল্লিকদি। পরমা শিক্ষিতা ও সুন্দরী। কিন্তু বড় নিঃসঙ্গ। পরমার এই নিঃসঙ্গ জীবনে আসে সঙ্গীবিহীন মনোময়। শুরু হয় নতুন ঝড়। শুরু হয় নতুন গল্প। মনোময় ও পরমা কি পারবে এই পাখির বাসা ছেড়ে অন্য ঘর বাঁধতে? সেই উত্তরই মিলবে সিনেমায়।
দীর্ঘদিন পরে বড়পর্দায় মুখ্যচরিত্রে, কী বলছেন পাপিয়া অধিকারী?
এই সিনেমায় কাজ নিয়ে পাপিয়া অধিকারী বলছেন, ‘এর মধ্যে মানুষ আমায় পর্দায় দেখলেও, আমার মুখ পোস্টারে রাখা হয়নি। তাতে যদি ছবি মুক্তির সমস্যা হয়.. নন্দন বা অন্যান্য সরকারি জায়গায় আমাদের ছবি মুক্তি পেতে দেওয়া হয়নি। আইনক্সেও থাকেনি.. কেন থাকেনি জানি না। এখন হয়তো আর সেটা হবে না। নজরুল তীর্থ অনেকটা দূরে, সেখানে হয়তো কিছু কিছু ব্যানার পোস্টারে আমার ছবি দেখা গিয়েছে। আমার বন্ধুরা ইতিমধ্যেই আমায় নিয়ে বেশ কিছু ছবি করেছে। সোমনাথ সেনের ‘পাখির বাসা’ তেমনই একটি ছবি। সদ্যই মুক্তি পাচ্ছে সেটা। বিধায়কের দায়িত্ব এখন এত বেশি যে, সমানতালে অভিনয় চালাতে পারছি না। এতরকম কাজ হচ্ছে… তাতে সারাদিন সময় চলে যাচ্ছে। বহু মানুষের বহু অভিযোগ রয়েছে। প্রচুর কাজ রয়েছে তাই এখনই শ্যুটিংয়ে যোগ দিতে পারছি না। সেপ্টেম্বরের আগে পুরোপুরি অভিনয় শুরু করা অসম্ভব। অনেক জায়গাতেই মুখ্যচরিত্রে অভিনয়ের অফার পাচ্ছি। অনেকে বাড়িতে চিত্রনাট্য ও রেখে গিয়েছেন। খারাপ লাগে এটাই যে, একজন দাপুটে অভিনেত্রীকে বসিয়ে রাখা হয়েছিল। যাঁরা এখন চরিত্রের অফার নিয়ে আসছেন, তাঁরা আগেও জানতেন যে, আমি এই কাজটি করতে পারি। কিন্তু যদি মুক্তির জন্য সমস্যা হয়, সেই কারণে তাঁরা তখন আসতে পারেননি আমার কাছে। দিন বদলেছে। আশা করি, বাংলা ছবি আবার পাপিয়া অধিকারীকে নিজের মতো করে ফিরে পাবে।’
(Feed Source: abplive.com)
