)
Rahul Gandhi: রাহুলের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগ তুলে এলাহাবাদ হাইকোর্টে মামলা করেছিলেন কর্নাটকের বিজেপি কর্মী ভিগ্নেস শিশির
রাজীব চক্রবর্তী: আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগে রাহুল গান্ধীর বিরুদ্ধে চলা মামলায় আপাতত স্বস্তি। সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশ, এই মামলায় এখন থেকে আর কোনও শুনানি করতে পারবে না এলাহাবাদ হাইকোর্ট। একই সঙ্গে, ওই মামলায় সিবিআই এবং ইডি-কে কোনও রিপোর্ট জমা না দেওয়ারও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
রাহুলের বিরুদ্ধে আয়বহির্ভূত সম্পত্তির অভিযোগ তুলে এলাহাবাদ হাইকোর্টে মামলা করেছিলেন কর্নাটকের বিজেপি কর্মী ভিগ্নেস শিশির। তাঁর অভিযোগ, রাহুলের ঘোষিত আয়ের সঙ্গে তাঁর সম্পত্তির হিসাব সামঞ্জস্যপূর্ণ নয়। সেই অভিযোগের ভিত্তিতে সিবিআই এবং ইডি-কে তদন্তের নির্দেশ দিয়েছিল এলাহাবাদ হাইকোর্ট।
হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান রাহুল। তাঁর হয়ে সোমবার সওয়াল করেন কপিল সিব্বল। তাঁর বক্তব্য, রাহুলের বক্তব্য শোনার সুযোগ না দিয়েই হাইকোর্ট তদন্তের নির্দেশ দিয়েছে। এই পদ্ধতির কোনও আইনি ভিত্তি নেই বলেও দাবি করেন তিনি।
শুনানিতে সিবিআই জানায়,তারা আপাতত অভিযোগটি খতিয়ে দেখছে। অভিযোগের সত্যতা মিললে বিষয়টি গুরুতর আয়বহির্ভূত সম্পত্তির মামলা হতে পারে।
সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, কোনও পক্ষের বক্তব্য না শুনে এই ধরনের নির্দেশ দেওয়া উচিত নয়। আদালতকে আইনি প্রক্রিয়া মেনেই এগোতে হয়। হাইকোর্টের নির্দেশের আইনি বৈধতা খতিয়ে দেখবে শীর্ষ আদালত। এ দিন অভিযোগকারী ভিগ্নেস শিশির, সিবিআই এবং ইডি-কে নোটিস দিয়েছে সুপ্রিম কোর্ট।
কপিল সিব্বল তাঁর সওয়ালে বলেন, হাইকোর্টের এই নির্দেশ বা আইনি প্রক্রিয়া রাজনৈতিক উদ্দেশ্যে হেনস্থা করার নামান্তর। সিব্বল হাইকোর্টে মামলাকারীর আইনি অধিকার এবং উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে বলেন, ওই ব্যক্তি বারবার রাহুল গান্ধীর বিরুদ্ধে আবেদন বা মামলা দায়ের করে আসছেন। সিব্বল আরও উল্লেখ করেন যে, মামলাকারী হাইকোর্টে এই তথ্য গোপন করেছেন যে তিনি একজন আরএসএস কর্মী এবং এর আগেও অন্য একটি মামলায় হাইকোর্ট তাকে নিয়ে সমালোচনা করেছিলেন।
(Feed Source: zeenews.com)
