)
Donald Trump and Gyanesh Kumar: ডোনাল্ড ট্রাম্পের মুখে জ্ঞানেশ কুমারের নাম! সহসা বিশ্বের শক্তিশালী দেশের সর্বময় কর্তা ডোনাল্ড ট্রাম্পের মুখে ভারতের নির্বাচন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের প্রশংসা শোনা গেল! ভারতের নির্বাচন ব্যবস্থার উদাহরণ টেনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করায় তা ঘিরে খুব স্বাভাবিক ভাবেই শুরু হয়েছে নানা চর্চা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডোনাল্ড ট্রাম্পের মুখে জ্ঞানেশ কুমারের নাম! সহসা বিশ্বের শক্তিশালী দেশের সর্বময় কর্তা ডোনাল্ড ট্রাম্পের মুখে ভারতের নির্বাচন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের প্রশংসা শোনা গেল! ভারতের নির্বাচন ব্যবস্থার উদাহরণ টেনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করায় তা ঘিরে খুব স্বাভাবিক ভাবেই শুরু হয়েছে নানা চর্চা। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প দাবি করেছেন, ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সম্প্রতি মার্কিন প্রশাসনের কাছে প্রশ্ন তুলেছিলেন– বৈধ ছবি-যুক্ত পরিচয়পত্র ছাড়া কীভাবে আমেরিকায় নির্বাচন হয়? ট্রাম্পের বক্তব্য, ভারতে প্রত্যেক ভোটারকে বৈধ ছবি-যুক্ত পরিচয়পত্র দেখাতে হয়। এই প্রসঙ্গ তুলেই আমেরিকায় ভোটার পরিচয় যাচাই আরও কঠোর করার পক্ষে সওয়াল করেন ট্রাম্প এবং ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ পাসের আহ্বান জানান।
আমেরিকায় কড়াকড়ি
আমেরিকায় ভোটদানের নিয়মে আরও কড়াকড়ি করতে চাইছে ট্রাম্প সরকার। এতদিন ভোটদানের সময় আমেরিকায় কোনও পরিচয়পত্র দেখানো হত না। তবে, এবার নির্বাচনে সেই নিয়মই আনতে তৎপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই প্রসঙ্গেই ভারতের নির্বাচন ও পদ্ধতিকে উদাহরণ হিসেবে তুলে ধরেছেন তিনি। আর তাতেই উঠে এল ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের প্রসঙ্গও।
কী বলছেন ডোনাল্ড ট্রাম্প?
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানেই দাবি করেন, সম্প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মার্কিন প্রশাসনের কাছে জানতে চেয়েছিলেন, বৈধ ছবি-সহ পরিচয়পত্র ছাড়া কীভাবে আমেরিকায় নির্বাচন হয়। এর পরই ট্রাম্প আমেরিকায় সেফগার্ড আমেরিকান ভোটার এলিজিবিলিটি বা সেভ আমেরিকা অ্যাক্ট পাশ করার দাবি তোলেন।
নির্বাচনের স্বচ্ছতা
আর ট্রাম্পের এই দাবিকে সমর্থন করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। সেভ আমেরিকা অ্যাক্ট-এর আওতায় আমেরিকায় ভোটার পরিচয় যাচাইয়ের কড়া নিয়ম চালুর পক্ষে সওয়াল করেছেন তিনিও। ভারতে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোটারদের পরিচয় যাচাইয়ের বিষয়টি একটি আন্তর্জাতিক উদাহরণ হিসেবে তুলে ধরে গোর বলেন, নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে সর্বজনীন ফোটো আইডি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সেভ আমেরিকা অ্যাক্ট কী?
আমেরিকার নির্বাচনে নির্বাচনী জালিয়াতি রুখতে দীর্ঘদিন ধরেই সেভ আমেরিকা অ্যাক্ট পাশ করার দাবি জানিয়ে আসছেন ট্রাম্প। গত ২৯ জানুয়ারি এই বিলটি পেশ করা হয়। তবে বিষয়টি নিয়ে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান, দুই দলের মধ্যেই মতভেদ রয়েছে। হোয়াইট হাউসের দাবি, এই আইনের মূল লক্ষ্য, ফেডারেল নির্বাচনে শুধুমাত্র মার্কিন নাগরিকরাই যাতে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করা। প্রস্তাবিত আইনে নির্বাচনে ভোটার হিসেবে নাম নথিভুক্ত করার সময়ে বৈধ পরিচয়পত্র এবং মার্কিন নাগরিকত্বের প্রমাণ দেওয়া বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে।
(Feed Source: zeenews.com)
