‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ

‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ

 

মুম্বই : ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার মুখে পড়তে পারেন বলিউড অভিনেতা শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ। এমনকী এফএসএসএআই (FSSAI) আইনে নিষিদ্ধ পণ্য সংক্রান্ত ধারায় আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে তাঁদের বিরুদ্ধে। ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপনের বিষয়ে পাঠানো নোটিসের ভিত্তিতে তাঁদের উত্তর যদি সন্তোষজনক না হয়, তবে এই ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের FDA (ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন) কমিশনার তুকারাম মুন্ধে। ‘বিমল’ ( তামাকজাত পণ্য বলে অভিযোগ)-এর ব্র্যান্ড এনডোর্সার বা প্রচারক হিসেবে যুক্ত হওয়ায় বলিউড তারকাদের কারণ দর্শানোর নোটিস বা শো-কজ নোটিস ধরিয়েছে এফডিএ। তার কয়েকদিনের মধ্যেই বিষয়টি সামনে এল। নোটিস পাওয়ার তারিখ থেকে ১৫ দিনের মধ্যে লিখিত জবাব জমা দেওয়ার জন্য এসআরকে (SRK), দেবগন এবং শ্রফকে সময় দেওয়া হয়েছে। ১১ অগাস্ট এই নোটিস ‘খাদ্য নিরাপত্তা ও মানদণ্ড আইন, ২০০৬’ এবং সংশ্লিষ্ট নিয়মাবলীর আওতায় জারি করা হয়েছে।

মুন্ধে জানান যে, এফডিএ (FDA) পান মশলার ব্র্যান্ডটির বিজ্ঞাপন পর্যবেক্ষণ ও খতিয়ে দেখছে। সংবাদ সংস্থা এএনআই-কে তিনি বলেন, “আপনারা হয়তো বলতে পারেন যে এই পদক্ষেপটি নিতে কিছুটা দেরি হয়ে গেছে, তবে ‘দেরিতে হলেও ভাল’। আমরা কাজ করছি এবং এর নিশ্চয়ই কোনও প্রভাব পড়বে। এ ধরনের ছদ্মবেশী (surrogate), মিথ্যা ও বিভ্রান্তিকর বিজ্ঞাপনের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়মকানুন রয়েছে… কোনওভাবেই ছদ্মবেশী বা বিভ্রান্তিকর বিজ্ঞাপন তৈরি করা যাবে না। এ বিষয়ে বিধিনিষেধ রয়েছে এবং তা নিষিদ্ধ। এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে।”

বলিউড তারকাদের জবাব অসন্তোষজনক বলে মনে হলে কী পদক্ষেপ নেওয়া হতে পারে- এমন প্রশ্নের জবাবে মুন্ধে বলেন যে, সেক্ষেত্রে প্রথম পর্যায়ে ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। তাঁর সংযোজন, “আমরা যদি তখনও সন্তুষ্ট না হই, তবে নিষিদ্ধ সামগ্রী সংক্রান্ত FSSAI আইনের ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

(Feed Source: abplive.com)