
India vs Brazil : ব্রাজিলের বিরুদ্ধে ভারতীয় ফুটবল দলের ম্যাচ। এমন হাইভোল্টেজ ম্যাচের টিকিটের দাম চড়া হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। জেনে নেওয়া যাক।
কলকাতা : পুজোর আগেই বড় উপহার পেতে চলেছেন ভারতীয় ফুটবলপ্রেমীরা। বড় ম্যাচের আয়োজন হতে চলেছে কলকাতায়। ৩ অক্টোবর ব্রাজিলের বিরুদ্ধে ভারতীয় দল খেলবে কলকাতায়। এরই মধ্যে আরও একটি চমকে ভরা খবরও রয়েছে। এবারের বিশ্বকাপে নজর কাড়া কেপ ভার্দেকে ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে দেশে আমন্ত্রণ জানাতে পারে ভারতীয় ফুটবল সংস্থা।
কলকাতায় ব্রাজিলের বিরুদ্ধে ভারতের হাই-প্রোফাইল প্রীতি ম্যাচের আগে অথবা পরে আয়োজন করা হতে পারে। তবে কেপ ভার্দের বিরুদ্ধে ম্যাচের ভেন্যু এবং নির্দিষ্ট তারিখ নিয়ে এখনও আলোচনা চলছে।
বিশ্বকাপে সবাইকে চমকে দিয়েছিল কেপ ভার্দে-
বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল কেপ ভার্দে। তাঁদের গোলকিপার ভোজিনহা ফুটবলপ্রেমীদের নজর কেড়েছিলেন। কেপ ভার্দে উরুগুয়ের বিরুদ্ধে ২-২ গোলে রোমাঞ্চকর ড্র এবং সৌদি আরবের বিরুদ্ধে ০-০ ড্র করে তারা নকআউট পর্বে জায়গা করে নিয়েছিল। তাদের দুর্দান্ত বিশ্বকাপ অভিযান শেষ হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে। এই অভিযান কেপ ভার্দের ইতিহাসে প্রথম বিশ্বকাপ অংশগ্রহণকে স্মরণীয় করে রেখেছে। বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে তারা সবচেয়ে ছোট দেশ এবং আইসল্যান্ডের পর দ্বিতীয় কম জনসংখ্যার দেশ হিসেবে ইতিহাস গড়েছে।
ব্রাজিল ম্যাচে টিকিটের দাম কত হতে পারে-
প্রাথমিকভাবে যা আলোচনা হয়েছে সব থেকে কম টিকিটের দাম আড়াই হাজার থেকে তিন হাজারের মধ্যে রাখা হবে। সর্বোচ্চ টিকিটের দাম যেখানে ভিভিআইপি ২২ থেকে ২৫ হাজারের মধ্যে থাকতে পারে। এআইএফ এর টিকিটের দাম নির্ধারণ করবে। আজ এবং আগামীকাল ব্রাজিলের প্রতিনিধি দল আসছে কলকাতায়। ব্রাজিলের ৯৬ জন সদস্য অস্ট্রেলিয়া প্রদর্শনী ম্যাচ খেলার পর ৩০ তারিখ কলকাতায় আসবে।
অস্ট্রেলিয়ায় ২৯ তারিখ শেষ ম্যাচ। ৩০ তারিখ রাত এবং এক, দুই ও ৩ অক্টোবর কলকাতায় থাকছে ব্রাজিল দল। প্রতিনিধি দলের সদস্যরা খেলার মাঠ অনুশীলনের জন্য কী কী প্রয়োজনীয় সামগ্রী প্রয়োজন তা নিয়ে আলোচনা করবে।। প্র্যাকটিস গ্রাউন্ড কী হবে, তা নিয়ে আলোচনা হবে বলে খবর।
পাশাপাশি কোন হোটেলে থাকবে দল সেটা নিয়ে আলোচনা চলবে। অন্যদিকে, আয়োজকদের তরফ থেকে ম্যাচের সময় এখনও ঠিক করা হয়নি। তবে ফ্লাডলাইটে ম্যাচ আয়োজনের ভাবনা রয়েছে। ম্যাচের আগে বিশেষ কোনও অনুষ্ঠানের ব্যবস্থা করা হতে পারে। তবে ফিফা ফ্রেন্ডলির অনেক নিয়ম রয়েছে, সেগুলো মাথায় রেখেই সমস্ত ব্যবস্থা করা হবে।
(Feed Source: news18.com)
