সচিনের আরও এক রেকর্ড ধরে ফেললেন রুট, এবার শুধু ভাঙার অপেক্ষা

সচিনের আরও এক রেকর্ড ধরে ফেললেন রুট, এবার শুধু ভাঙার অপেক্ষা

Joe Root equals Sachin Tendulkar’s world record: বৃহস্পতিবার ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকরের টেস্ট ক্রিকেটে সর্বাধিক হাফ-সেঞ্চুরির বিশ্বরেকর্ড স্পর্শ করলেন জো রুট।

বৃহস্পতিবার ২০ অগাস্ট টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক অনন্য মাইলফলক স্পর্শ করলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। হেডিংলেতে পাকিস্তানের বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টে দারুণ এক হাফ-সেঞ্চুরি হাঁকিয়ে তিনি ছুঁয়ে ফেললেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকরের রেকর্ড। টেস্ট ফরম্যাটে সর্বাধিক ৬৮টি অর্ধশতরান করার এই বিশ্বরেকর্ডে এখন সচিনের পাশে নিজের নাম লিখিয়ে নিলেন ইংরেজ ব্যাটার।
পাকিস্তানের প্রথম ইনিংসে করা ১৭১ রানের জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড যখন ৪৮ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে, ঠিক তখনই ক্রিজে আসেন জো রুট। সেখান থেকে তরুণ ব্যাটার জর্ডান কক্সের সঙ্গে জুটি বেঁধে ইনিংস সামলান তিনি। দুজনে মিলে ২০৪ বলে ১৫০ রানের এক অনবদ্য পার্টনারশিপ গড়ে দলকে বড় লিডের দিকে এগিয়ে নিয়ে যান।
ইনিংসে নিজের চেনা ভঙ্গিমায় অনবদ্য টাইমিং ও নিয়ন্ত্রণের পরিচয় দেন রুট। ১০টি চোখ ধাঁধানো বাউন্ডারিতে সাজানো ৬৬ রানের এই ইনিংসে তিনি মহম্মদ আলি ও খুররম শাহজাদের ঢিলেঢালা বলগুলিকে নিপুণ ড্রাইভ ও কাটে সীমানা পার করান। পাশাপাশি পাকিস্তানি পেসারদের কঠিন স্পেল সামলে থার্ড ম্যানের দিকে তাঁর ট্রেডমার্ক গ্লাইড শটে স্কোরবোর্ড সচল রাখেন।
অবশেষে খুররম শাহজাদের একটি ইন-সুইং করা বলে লেগ বিফোর উইকেটেরশিকার হয়ে ১১২ বলে ৬৬ রান করে সাজঘরে ফেরেন রুট। পাকিস্তান রিভিউ নিলেও ‘থ্রি রেডস’ আসায় মাঠ ছাড়তে হয় তাঁকে। যদিও রুটের এই ধৈর্যশীল ও কার্যকর ইনিংসটি ইংল্যান্ডকে ম্যাচের সম্পূর্ণ চালকের আসনে বসিয়ে দিয়েছে।
(Feed Source: news18.com)