
প্রকাশ্যে এল ‘ডাক্তারকাকু’-র প্রথম লুক
নতুন যে পোস্টার মুক্তি পেয়েছিল, সেখানে কেবলমাত্র দেখা গিয়েছিল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের লুক। আর এবার প্রকাশ্যে এল, ঋদ্ধি, এনা এবং পাভেলের লুক। সিনেমায় ডাঃ দিলীপ সাহার ভূমিকায় দেখা যাবে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। পুষ্কিনের চরিত্রে দেখা যাবে ঋদ্ধি সেনকে। শীতল দামানির ভূমিকায় দেখা যাবে এনা সাহাকে। মিস্টার দামানির ভূমিকায় থাকছেন, রজতাভ দত্ত। পচার ভূমিকায় দেখা যাবে পাভেলকে। এই সিনেমায় পাভেলকে একেবারে অন্যরকম লুকে দেখা গিয়েছে। এনাকে একেবারে ঝকঝকে দেখতে লাগছে, একেবারে অন্য লুকে দেখা গিয়েছে ঋদ্ধিকেও।বাবা-ছেলের সম্পর্ক, বন্ধুত্ব, ভালোবাসা, কৃতজ্ঞতা এবং নিজের বিবেকের কাছে সৎ থাকার গল্প নিয়েই তৈরি এই সিনেমা, ‘ডাক্তারকাকু’। কারণ জীবনে কিছু মুহূর্ত আসে, যখন সাফল্যের চেয়ে বড় হয়ে ওঠে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সাহস। আর সেই কঠিন সিদ্ধান্তের পথেই ডাক্তারকাকু খুঁজে পায় তার আসল মানবিকতা।
গল্পে থাকছে কী কী?
গল্পের কেন্দ্রে ডাঃ দিলীপ সাহা—একজন আদর্শবাদী চিকিৎসক, যাঁর কাছে ডাক্তারি পেশা শুধু পেশা নয়, মানুষের প্রতি এক আজীবনের অঙ্গীকার। রোগীর প্রতি দায়বদ্ধতা, পরিবারের প্রতি ভালোবাসা এবং নিজের নীতিবোধ, এই তিনের ভারসাম্য বজায় রেখেই তিনি জীবন কাটিয়েছেন। তাঁর ছেলে পুষ্কিনের বেড়ে ওঠার সঙ্গে জড়িয়ে রয়েছে পচার জীবনও। নিজের সন্তান না হয়েও পচাকে আপন করে নেন ডাঃ দিলীপ। একই ছাদের নিচে বেড়ে উঠতে উঠতে পুষ্কিন ও পচার সম্পর্ক হয়ে ওঠে দুই ভাইয়ের মতো। দু’জনেরই স্বপ্ন, চিকিৎসক হয়ে মানুষের পাশে দাঁড়ানো।
(Feed Source: abplive.com)
