
Supreme Court On OBC: সংরক্ষণ মামলায় নয়া আপডেট! ওবিসি সংরক্ষণ সংক্রান্ত নয়া নির্দেশিকা চ্যালেঞ্জের সব মামলা একসঙ্গে শুনবে সুপ্রিম কোর্ট, স্পষ্ট জানিয়ে দিল শীর্ষ আদালত।
নয়াদিল্লি: রাজ্যের ওবিসি সংরক্ষণ সংক্রান্ত নয়া নির্দেশিকা চ্যালেঞ্জের সব মামলা একসঙ্গে শুনবে সুপ্রিম কোর্ট। আজ, সোমবার এমনটাই স্পষ্ট জানিয়ে দিল সর্বোচ্চ আদালত। আজ প্রধান বিচারপতির বেঞ্চে এই সংক্রান্ত একটি আবেদনের উল্লেখ করা হয়। তারই পরিপ্রেক্ষিতে এমনটা জানিয়ে দেয় শীর্ষ আদালত।
রাজ্যের তরফে সর্বোচ্চ আদালত থেকে ওবিসি সংরক্ষণ সংক্রান্ত কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলা প্রত্যাহারের পর সর্বোচ্চ আদালত মামলা খারিজ করার সময়ই উল্লেখ করেছিল, কোনও ব্যক্তি যদি মনে করেন, এই মামলা প্রত্যাহারের ফলে তাঁর নিজের কোনও অধিকার খর্ব হচ্ছে তবে তিনি চাইলে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হতে পারেন।
রাজ্যের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, রাজ্য সর্বোচ্চ আদালতে মামলা প্রত্যাহারের পর ওবিসি সংরক্ষণ পূর্ববর্তী হারে ফিরিয়ে নিয়ে গিয়েছে। দু’পক্ষের সওয়াল শোনার পর সর্বোচ্চ আদালত জানিয়ে দেয়, এ সংক্রান্ত মামলা সব একসঙ্গে শুনবেন তাঁরা।
কী জানিয়েছিল রাজ্য?
গত ১৪ জুলাইয়ের শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে জানান, রাজ্য মন্ত্রিসভা এই আবেদন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের অনগ্রসর শ্রেণি কমিশনও আইনজীবী কুণাল চট্টোপাধ্যায়ের মাধ্যমে তাদের পৃথক আপিলটি প্রত্যাহার করে নেয় রাজ্য।
সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহানার বেঞ্চ মামলা প্রত্যাহারের অনুমতি দেয়। তবে সেই শুনানিতেই আদালত স্পষ্ট করে দিয়েছিল যে, অন্য কোনও পক্ষ চাইলে নিজেদের মামলা চালিয়ে যেতে পারবে।
বিধানসভায় দু’টি নতুন বিল পাশ
কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভায় দু’টি নতুন বিল পাশ করিয়ে রাজ্যের ওবিসি সংরক্ষণের পুরো কাঠামো ফিরিয়ে এনেছে শুভেন্দু অধিকারীর সরকার। তাতে ২০১০ সালের আগের সমীক্ষার ভিত্তিতে স্বীকৃত শুধুমাত্র ৬৬টি সম্প্রদায়কেই ওবিসি তালিকায় রাখা হয়েছে। ওবিসি স্বীকৃতি বাদ গিয়েছে ৭৭টি সম্প্রদায়ের।
কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গে বাম জমানার শেষ পর্ব থেকে তৃণমূল জমানার গোড়া পর্যন্ত ৭৭টি সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করার সিদ্ধান্ত খারিজ করে দিয়েছিল। গত দু’বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই রায়ে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়ছিল। রাজ্যে পালাবদলের পরেই নতুন বিজেপি সরকার জানিয়েছিল, সুপ্রিম কোর্ট থেকে তারা সেই মামলা প্রত্যাহার করে নেবে।
(Feed Source: news18.com)
