এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও

এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও

 

কলকাতা: জাহাজ নির্মাণ প্রকল্পের শিলান্যাস করতে কলকাতায় এসেছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এদিন মোট ৫ টি প্রকল্পের ভূমিপুজো করলেন তিনি। তাঁর মুখে শোনা গেল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বর্তমান সরকারের সুখ্যাতি। তিনি বললেন, “শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলায চলছে উন্নয়নের কর্মযজ্ঞ। তৈরি হচ্ছে নতুন সুযোগও।”

একই সঙ্গে জাহাজ নির্মাণ নিয়ে গার্ডেন রিচ শিপবিল্ডার্সের ক্ষমতা বৃদ্ধির কথাও বলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এ ছাড়াও ঘোষণা করে হাওড়াতে নতুন টিম্বার পন্ড তৈরির কথাও। তিনি বলেন, “রায়চকে গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের নতুন কারখানায় ২০০ মিটার দীর্ঘ যুদ্ধজাহাজ তৈরি করা যাবে। এর ফলে পরবর্তী প্রজন্মের ডেস্ট্রয়ার তৈরির জন্য বিড করতে পারবে গার্ডেনরিচ। যা নৌবাহিনী ভবিষ্যতে নির্মাণের পরিকল্পনা করছে। টিম্বার পার্ক হাওড়া এবং দামোদর কমপ্লেক্সের সুবিধাগুলোও জাহাজ নির্মাণের সম্পূর্ণ ‘ভ্যালু চেইন’-কে শক্তিশালী করবে।”

জানা গিয়েছে, আজ যে ৫ টি প্রকল্পের ভূমিপুজো করা হয়েছে, তার জন্য সরকারের প্রায় ৩ হাজার কোটি টাকা খরচ হবে। এর মধ্যে রয়েছে গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের অধীনে রায়চকে শিপইয়ার্ড, টিম্বার পন্ড হাওড়া শিপ বিল্ডিং ফেসিলিটি, দামোদর কমপ্লেক্স শিপ বিল্ডিং ফেসিলিটি, ৩০০০ টন ক্ষমতাসম্পন্ন হাইড্রোলিক ওপেন ডাই ফোর্জিং প্রেস ও রেডিয়াল ফোর্জিং প্ল্যান্ট। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, “এই পাঁচটি প্রকল্পই আমাদের ‘আত্মনির্ভরতা’, ‘মেক ইন ইন্ডিয়া’ এবং ‘মেক ফর দ্য ওয়ার্ল্ড’-এর ভাবধারাকে আরও শক্তিশালী করবে।”

গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স বর্তমানে কেন্দ্রীয় সরকারের নবরত্ন মর্যাদা প্রাপ্ত সংস্থা। এদিন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী বলেন, “নবরত্ন জিআরএসই এবং যন্ত্র ইন্ডিয়া লিমিটেড—শুধু বাংলার জন্য নয়, বরং পুরো দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।” এ ছাড়াও নবরত্ন মর্যাদা পাওয়ার জন্য গার্ডেন রিচ শিপবিল্ডার্সকে অভিনন্দনও জানান প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, “যে নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল তৈরি হচ্ছে, তাতে ৮০ শতাংশেরও বেশি দেশীয় সরঞ্জাম বা ইন্ডিজিনাস কনটেন্ট থাকবে। এটি প্রমাণ করে যে আমরা বিদেশের ওপর নির্ভরতা দ্রুত কমিয়ে আনছি।”