
পূর্ব মেদিনীপুরে চন্ডীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। হুমকি, ফ্ল্যাটে আটকে রাখার অভিযোগে বেহালা থানায় প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলেন এক কাঠমিস্ত্রি। সোহম চক্রবর্তী ছাড়াও, তাঁর নিরাপত্তারক্ষীর বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেন তিনি। যদিও, FIR নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি সোহম চক্রবর্তীর থেকে।
উল্লেখ্য, এর আগেও তৃণমূলের প্রাক্তন বিধায়ক ও অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগ, সিনেমায় অভিনয়ের জন্য ১ কোটি ৫ লক্ষ টাকা নেওয়ার পরেও কাজ করেননি অভিনেতা। এই ঘটনায় চারু মার্কেট থানায় FIR দায়ের হয়েছে। অভিযোগে সোহমের বিরুদ্ধে জামিনঅযোগ্য ধারাও যুক্ত করা হয়েছিল বলে জানা গিয়েছিল। অভিযোগকারী তরুণ দাস বালুরঘাটের মঙ্গলপুর এলাকার বাসিন্দা এবং তিনি চলচ্চিত্র প্রযোজকও। তিনি দাবি করেছিলেন, সোহম চক্রবর্তীকে সিনেমায় অভিনয়ের জন্য মোটা অঙ্কের টাকা দিয়েছিলেন তিনি। কিন্তু টাকা নেওয়ার পরেও তাঁর ছবিতে অভিনয় করেননি। এই অভিযোগের পর পাল্টা অভিযোগও জানিয়েছিলেন সোহম। অভিনেতার দাবি ছিল, ওই প্রযোজকের তরফে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। শুধু এই ঘটনা নয়, এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছে সোহম চক্রবর্তীর নাম। ২০২৪ সালের জুন মাসে, শুটিং করতে গিয়ে সন্ধেয় নিউটাউন সাপুরজি এলাকার একটি রেস্তোরাঁর মালিককে মারধরের অভিযোগ ওঠে অভিনেতা তথা চণ্ডীপুরের তৎকালীন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। নিউটাউনের ওই ঘটনার পর তুমুল অশান্তি ছড়িয়েছিল। যদিও মারধরের অভিযোগ স্বীকার করে সোহম দাবি করেন, ওই হোটেল মালিক তাঁর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কটূক্তি করেন। তা তিনি মেনে নিতে পারেননি। কিন্তু অভিযোগ পাওয়ার পর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা যায় সোহম মারধর করেছিলেন রেস্তোরাঁর মালিককে।
(Feed Source: abplive.com)
