)
১৭০০-র কিছু বেশি রান আর বাকি তাঁর! কিংবদন্তি সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙলে ছেলেই ভাঙবে! আত্মবিশ্বাসী বাবার বিরাট ভবিষ্যদ্বাণী। টেস্টের মহাতারকা কি পারবেন সচিনকে টপকে যেতে?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এই প্রজন্মের টেস্ট ক্রিকেটে সেরা ব্যাটারদের তালিকায় থাকবেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, ভারতের বিরাট কোহলি,ইংল্যান্ডের জো রুট এবং কেন উইলিয়ামসন। রুট নিঃসংকোচেই টেস্ট ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটারদের মধ্যেই থাকবেন। ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে সর্বোচ্চ রানের মালিক সচিন তেন্ডুলকর। ২০০টি টেস্ট ম্যাচে ৩২৯টি ইনিংস খেলে ‘ক্রিকেট ঈশ্বর’ ৫৩.৭৮-এর ব্য়াটিং গড়ে ১৫৯২১ রান করেছেন। অন্যদিকে ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ টেস্ট রানের মালিক ১৬৭ টেস্টে ১৪১৮০ রান করেছেন। সচিনের থেকে ১৭৪২ রানে পিছিয়ে রুট। বেন স্টোকসের অবসরের পর ফের রুট ইংরেজ টেস্ট অধিনায়ক হয়েছেন। আর রুটের বাবা বিশ্বাস করেন যে, সচিনের সর্বকালীন রেকর্ড ভাঙলে তাঁর ছেলেই ভাঙবে! ২০২১ সাল থেকেই রুট দুর্দান্ত ফর্মে। এভাবে খেলতে থাকলে আগামী কয়েক বছরের মধ্যে তিনি সচিনকে ছাপিয়ে যেতে পারবেন। রুটের বাবা ম্যাট রুট টকস্পোর্ট ব্রেকফাস্ট শোয়ে বলেন, ‘আগে জো যখন অধিনায়ক ছিল, তখন এক বছরেই ১৭০০ রান করেছিল। ও প্রমাণ করেছে যে অধিনায়কত্বের দায়িত্ব তাঁর ব্যাটিংয়ে কোনোও বাধা হয়ে দাঁড়ায় না। যতক্ষণ ও সুস্থ থাকবে ওর ফোকাস থাকবে এবং খেলার প্রতি সেই অদম্য আকাঙ্ক্ষা বজায় থাকবে, ওকে সচিনের রেকর্ড স্পর্শ করা থেকে আটকানোর মতো কিছু থাকবে না।’
রুট ও ইংল্যান্ডের অধিনায়কত্ব
ইংল্যান্ডের বিরুদ্ধে সচিনের শেষ সিরিজেই মূলত রুটের অভিষেক হয়েছিল। ওডিআই দলে নিয়মিত না হলেও টেস্ট দলে তিনি অপরিহার্য। ইংল্যান্ড সম্প্রতি তাঁকে আবারও টেস্ট দলের অধিনায়কত্বের দায়িত্ব ফিরিয়ে দিয়েছে। ম্যাট জানান যে, শুরুতে যখন তাকে পূর্ণকালীন অধিনায়কত্বের প্রস্তাব দেওয়া হয়েছিল, তখন জো তা প্রত্যাখ্যান করেছিলেন। বেন স্টোকস অবসর নেওয়ার পরই কেবল জো ইংল্যান্ডের টেস্ট অধিনায়কের দায়িত্ব গ্রহণ করেন। ম্যাট আরও বলেন, ‘নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ট্রেন্ট ব্রিজ টেস্টের জন্য যখন জোকে দায়িত্ব দেওয়া হল, আমি তখন তাকে জিজ্ঞেস করেছিলাম, যদি তোমাকে স্থায়ী অধিনায়ক করা হয়, তবে কি তুমি তা গ্রহণ করবে? ও না বলেছিল। আমার মনে হয়, স্টিফেন ফ্লেমিং হেড কোচের দায়িত্ব নেওয়ায় জো এই ভূমিকায় যুক্ত হতে সত্যিই অনুপ্রাণিত হয়েছে।’ অ্যালিস্টার কুকের স্থলাভিষিক্ত হয়ে ২০১৭ সালে জো টেস্ট অধিনায়কের দায়িত্ব নিয়েছিলেন। জোর নেতৃত্বে ইংল্যান্ড ২৮টি টেস্টে জিতেছিল, যা ইংল্যান্ডের যে কোনও অধিনায়কের মধ্যে সর্বোচ্চ। ২০২২ সালে রুট দায়িত্ব থেকে সরে দাঁড়ান এবং স্টোকস সেই দায়িত্ব নেন। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ও শেষ টেস্ট চলাকালীন আন্তর্জাতিক ক্রিকেট থেকে স্টোকস আকস্মিক অবসর ঘোষণা করেন। স্টোকসের নেতৃত্বে ইংল্যান্ড ৪৪ টেস্ট ম্যাচের মধ্যে ২৪টি জিতেছে।
(Feed Source: zeenews.com)
