
Chhanar Payesh Recipe: গোবিন্দভোগ চাল বা সেমাই নয়। এ হল ছানার পায়েস। সাবেক বাঙালি রান্নার এই পদ তৈরি করা খুব সহজ। উপকরণও বেশ ঘরোয়া। দেরি না করে বানিয়ে ফেলুন চটপট। রাখিপূর্ণিমার মিষ্টিমুখে চমকে যাবে সবাই।
পায়েস বা পরমান্ন ছাড়া যে কোনও পুজো বা মঙ্গল অনুষ্ঠান কার্যত অসম্পূর্ণ৷ এ বার রাখিপূর্ণিমার সেলিব্রেশনে বরং তৈরি করুন ফিউশন পায়েস৷ নাম শুনে আধুনিক রেসিপি মনে হলেও এ আদতে বাঙালির আদি অকৃত্রিম ছানার পায়েস৷ একদিকে ছানা, অন্যদিকে পায়েস-দুই সম্পূর্ণ অন্য পদের এরকম সুস্বাদু মেলবন্ধন বাঙালি হেঁশেলেই সম্ভব৷
প্রথমে ১০-১৫ টা পেস্তাদানা ভিজিয়ে রাখুন গরম জলে৷ তার পর ১ লিটার ফুল ক্রিম দুধ জ্বাল দিয়ে নিন৷ একটু ঠান্ডা করে ভিনিগার বা লেবু বা ক্যালসিয়াম ল্যাকটেড পাউডার দিয়ে ছানা কাটিয়ে নিন৷ তারপর সেই ছানা থেকে সম্পূর্ণ জল ঝরিয়ে নিন৷
এ বার গ্যাসে আরও ১ লিটার দুধ গরম করুন৷ জ্বাল দেওয়ার সময় একে একে মিশিয়ে নিন ৮৫ গ্রাম চিনি, হাফ চামচ এলাচগুঁড়ো আর এক চিমটে নুন৷ দুধ বেশ ঘন করে কমিয়ে নিন৷ ১ লিটার দুধকে জ্বাল দিয়ে ৩০০ গ্রামে কমিয়ে নিন৷
তার পর গ্যাস অফ করে জ্বাল দেওয়া দুধে গুঁড়ো গুঁড়ো করে মেশান শুকনো ছানা৷ তার পর আবার গ্যাসে বসিয়ে নাড়ুন৷ দেখবেন যেন ওভারকুকড না হয়ে যায়৷ গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা হতে দিন৷ উপরে ছড়িয়ে দিন কাজুবাদাম, আমন্ড, পেস্তাকুচি৷
ঠান্ডা হয়ে গেলে মেশান হাফ চামচ গোলাপ জল৷ তার পর একটা কাচের পাত্রে রেখে ফ্রিজে ঢুকিয়ে দিন৷ ৬ ঘণ্টা ফ্রিজে রেখে ঠান্ডা করুন৷ পরিবেশনের আগে দেখবেন বেশ জমাট হয়ে এসেছে৷ উপরে গুলকন্দ বা শুকনো গোলাপের পাপড়ি ছড়িয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন৷
(Feed Source: news18.com)
