)
Nepal flood one-and-a-half-month-old baby: শিশুটিকে উদ্ধার করে তারপর রসুয়ার ধাঙ্গে ক্যাম্পে নিয়ে আসা হয়। বন্যা বিধ্বস্ত নেপালে যখন ক্রমশ বাড়ছে মৃত আর নিখোঁজের সংখ্যা, তখন এই একরত্তি প্রাণ-ই বিপর্যয়ের মধ্যে জীবনের অমূল্য স্পন্দন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মৃত্যুপুরী নেপালে মিরাক্যল! ধ্বংসস্তূপের মধ্যে অলৌকিক রক্ষা এক ৪৫ দিনের শিশু। বন্যা বিধ্বস্ত নেপালের রসুয়ায় উদ্ধার অভিযানের সময় কাদামাটির স্তূপ, ধ্বংসাবশেষ থেকে দেড় মাসের এক ফুটফুটে শিশুকে জীবিত খুঁজে পান উদ্ধারকারী দলের সদস্যরা। শিশুটিকে উদ্ধার করে তারপর রসুয়ার ধাঙ্গে ক্যাম্পে নিয়ে আসা হয়। বন্যা বিধ্বস্ত নেপালে চারদিকে যখন লাশের পাহাড়, ক্রমশ বাড়ছে মৃত আর নিখোঁজের সংখ্যা, তখন এই একরত্তি প্রাণ-ই চরম হতাশা, বিপর্যয়ের মধ্যে জীবনের অমূল্য স্পন্দন।
নেপালে আরও দুটি এরকম অলৌকিক ঘটনা সামনে এসেছে। যেখানে জোয়েল নামে ৮ বছরের এক শিশু ২ দিন ধরে গাছ আঁকড়ে থেকে রক্ষা পান রাক্ষুসে বন্যার গ্রাস থেকে। উত্তর নেপালের রসুয়া জেলায় হিমবাহ ধসে যখন ভয়াবহ হড়পা বান নেমে আসে, তখন স্কুলের মধ্যে ছিল জোয়েল। ৮ বছরের জোয়েল সেই সময় কোনওরকমে বনের ভিতর দৌড়ে গিয়ে একটি গাছে চড়ে বসে। তারপর গাছ আঁকড়েই ২ দিন কাটায় সে। দুদিন ধরে নিখোঁজ ছিল জোয়াল। ২৮ বছরের তরুণী মা মাট্টি মায়া তামাং পাগলের মতো এক আশ্রয়কেন্দ্র থেকে আরেক আশ্রয়কেন্দ্রে খুঁজে, পরপর চারটি তালিকায় নাম না পেয়ে ধরেই নিয়েছিলেন যে, তাঁর ছেলে আর বেঁচে নেই। বুক ফাটা কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। কিন্তু সেইসময়ই আসে সুখবর। হাসপাতালে খুঁজে পান জোয়েলকে। ২ দিন গাছ আঁকড়ে থাকার পর, ভাঙা পা আর মুখে ক্ষতচিহ্ন নিয়ে জোয়েলকে হেলিকপ্টারে করে উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। তাকে নিয়ে আসেন কাঠমান্ডুর একটি হাসপাতালে। সেখানেই মা মাট্টি মায়া তামাং ফিরে পান জোয়েলকে। মা-ছেলের সেই পুনর্মিলনের দৃশ্য চোখে জল এনে দেয় সবার।
ওদিকে আরেকটি ঘটনায় ৩ দিন ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার হয় ৬ বছরের শিশু। ক্ষীণ কান্না শুনে খুঁড়তেই, ধ্বংসস্তূপের নীচ থেকে জীবিত অবস্থায় পাওয়া যায় ৬ বছরের এক শিশুকে। রসুয়া জেলার বন্যাকবলিত এলাকায় উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের মধ্যে থেকে ক্ষীণ কান্নার শব্দ শুনতে পান। সেই শব্দ অনুসারে অভিযান চালান তাঁরা। শিশুটিকে উদ্ধার করেন। উদ্ধারের পর শিশুটিকে কাঠমান্ডুর একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। প্রায় তিন দিন ধরে কাদামাটি ও ধ্বংসস্তূপের নীচে আটকে ছিল শিশুটি। এতটা সময় আটকে থাকার পরও তাকে জীবিত অবস্থায় উদ্ধার সত্যিই মিরাক্যল।
(Feed Source: zeenews.com)
