)
৩৪০০০ বিয়ারের ক্যান ভর্তি ট্রাক আচমকাই ভ্যানিশ! ফেলুদা হয়ে রহস্য সমাধানের সময় আছে মাত্র ১৮ দিন, পারলেই জ্যাকপট! চেষ্টা করবেন না কি?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রায় ১৮০০০ কেজি বিয়ার চুরি হয়েছে আমেরিকার এক বিয়ার প্রস্তুতকারক কোম্পানির! আর তারপরেই চোর ধরতে সোশ্যাল মিডিয়ায় অদ্ভুত আবেদন সংস্থার!অভিযুক্ত চোরকে কোনও রকম জিজ্ঞাসাবাদের মুখোমুখি না হয়েই চুরি করা বিপুল পরিমাণ বিয়ার ফেরত দেওয়ার জন্য ১৮ দিন সময় দেওয়া হয়েছে! টেক্সাসের বিয়ার ব্র্যান্ড প্যাবস্ট ব্লু রিবন ইনস্টাগ্রাম পোস্টে জানিয়েছে, তাদের প্রায় ৪০০০০ পাউন্ড বিয়ার চুরি হয়েছে। এই পোস্ট ইন্টারনেটে সাড়া ফেলে দিয়েছে… এমনকী কিটক্যাটও প্রতিক্রিয়ায় কৌতুকপূর্ণ মন্তব্য করেছে। চলতি বছর মার্চ মাসের শেষে ইতালির এক কারখানা থেকে পোল্যান্ডে যাওয়ার পথে একটি ট্রাক থেকে প্রায় ১২ টন ( ৪১৩৭৯৩টি) কিটক্যাট চকোলেট বার চুরি হয়েছে!
প্যাবস্ট ব্লু রিবন ইনস্টায় জানিয়েছে যে, তাদের প্রায় ৪০০০০ পাউন্ড ওজনের বিয়ার চুরি হয়েছে। পোস্টে একটি ডেলিভারি ট্রাক দেখানো হয় যার গায়ে বড় অক্ষরে ‘STOLEN’ (চুরি হয়েছে) শব্দটি লেখা রয়েছে। পোস্টের ক্যাপশনে স্পষ্ট করে বলা হয়েছে যে, বিয়ারগুলি সত্যিই চুরি হয়েছে এবং কোম্পানি তা খুঁজে বের করতে অনলাইনে সাহায্য় চাইছে। পোস্টে লেখা হয়েছে, ‘চোরের উদ্দেশ্যে বলছি, দেখুন আমাদের বিয়ার কত বেশি পরিমাণে আপনার কাছে আছে, তা নিয়ে বন্ধুদের কাছে গর্ব করার বিষয়টি আমরা দোষের মনে করি না। তবে আমরা চাইতাম, আপনি এটি কোনও সৎ উপায়ে সংগ্রহ করতেন।’ কোম্পানি চোরকে ট্রাকভর্তি বিয়ার ফেরত দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দিয়েছে। এই রহস্য সমাধানে সহায়তাকারীর জন্য পুরস্কারও ঘোষণা করেছে মার্কিন সংস্থা। তারা লিখেছে, ‘প্যাবস্ট আনুষ্ঠানিক ভাবে এখন সময় গুণতে শুরু করেছে—আমাদের ট্রাকভর্তি বিয়ার ফেরত দেওয়ার জন্য আপনার হাতে ঠিক ১৮ দিন ৪৪ মিনিট সময় আছে। আপনাকে কোনও প্রশ্ন করা হবে না। এই সময়ের মধ্যে, যারা আমাদের এই রহস্য সমাধানে সহায়তা করবেন, তাঁদের আমরা পুরস্কারও দেব। আর কেউ যদি এটা ভেবে থাকেন যে, পুরো বিষয়টি শুধুই প্রচারের কৌশল (মার্কেটিং স্টান্ট), তবে জানিয়ে রাখি এটি কোনও সাজানো ঘটনা নয়, আমরা বিষয়টি নিয়ে অত্যন্ত গুরুত্বের সঙ্গে ভাবছি।’ পুলিস জানিয়েছে অভিযুক্ত ব্যক্তি ১৭ আগস্ট মন্টক্লেয়ারে অবস্থিত আনহিউজার-বুশের এক বিতরণ কেন্দ্রে ভুয়ো কাগজপত্র নিয়ে গিয়েছিল এবং ২৫০০০ ডলার মূল্যের (১৮৫০০ পাউন্ড ওজনের) একটি চালান নিয়ে পালাতে সে সক্ষম হয়েছে। চালানটি স্যান দিয়েগোতে পাঠানোর কথা ছিল। চুরি হওয়া চালানে প্রায় ৩৪০০০ ক্যান বিয়ার ছিল, যার মোট ওজন ছিল প্রায় ৪০০০০ পাউন্ড।
পিবিআরের পোস্ট নিয়ে কিটক্যাট
মজার ছলে কিটক্যাট এই চুরি নিয়ে মন্তব্য করেছে। বছরের শুরুর তাদের চুরির ঘটনার প্রসঙ্গ টেনে বলেছে, ‘এসব বিষয়ে আমাদের কিছুটা অভিজ্ঞতা আছেই।’ এই পোস্টের পরপরই নানা প্রতিক্রিয়া আসতে শুরু করে; যেমন একজন ইউজার লিখেছেন, ‘পুরস্কার হিসেবে ট্রাকভর্তি বিয়ার পাওয়া যাবে?’ আরেকজন লেখেন, ‘আমার কাছে ট্রাকটা নেই ঠিকই, তবে খেলাটার প্রতি ভালোবাসার টানে ৪০ হাজার পাউন্ড বিয়ার যে আমি পান করেছি, সে ব্যাপারে আমি নিশ্চিত।’ তৃতীয় এক ইউজার লেখেন, ‘চিন্তা করবেন না, আমরা নজর রাখছি…’ কেউ আবার লেখেন, ‘আমি যদি কিছু দেখি তবে আমি নিশ্চিত ভাবেই কিছু বলব না। শিকারের শুভেচ্ছা রইল।’ বোঝাই যাচ্ছে সংস্থার বিরাট ক্ষতিতেও অনেকে মজার উপাদান খুঁজে পেয়েছে!
(Feed Source: zeenews.com)
