পাহাড়ের কোলে সবুজের হাতছানি! বন দফতর ও স্থানীয়দের উদ্যোগে বদলে যাচ্ছে ডাউহিল, ছুটির দিনে ‘ইকো ট্যুরিজম স্পট’-এ উপচে পড়া ভিড়

পাহাড়ের কোলে সবুজের হাতছানি! বন দফতর ও স্থানীয়দের উদ্যোগে বদলে যাচ্ছে ডাউহিল, ছুটির দিনে ‘ইকো ট্যুরিজম স্পট’-এ উপচে পড়া ভিড়

Weekend Destination: পাহাড়ের কোলে সবুজে ঘেরা ডাউহিল এখন নতুন রূপে নজর কাড়ছে পর্যটকদের। বন দফতর ও স্থানীয়দের উদ্যোগে গড়ে ওঠা এই ইকো-ট্যুরিজম স্পটে ছুটির দিনে উপচে পড়ছে ভিড়। প্রকৃতির মাঝে শান্তিতে সময় কাটাতে ঘুরে আসতে পারেন আপনিও

দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য: পাহাড়ের সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ, নির্মল আবহাওয়া আর শান্ত পরিবেশ, সব মিলিয়ে পর্যটকদের কাছে ক্রমেই আকর্ষণের কেন্দ্র হয়ে উঠছে ডাউহিলের ‘ইকো ট্যুরিজম স্পট’। বন দফতর ও স্থানীয় বাসিন্দাদের যৌথ উদ্যোগে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রে প্রতিদিনই পর্যটকদের আনাগোনা। বিশেষ করে ছুটির দিনে বাড়ছে ভিড়। ২০২৪ সালের মে মাস থেকে স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং পর্যটনকে কেন্দ্র করে গাড়িচালক ও ব্যবসায়ীদের আয় বৃদ্ধির লক্ষ্যেই এই এলাকায় উন্নয়ন শুরু হয়। বর্তমানে এখান থেকে ট্রেক করে চিলড্রেনস পার্ক, ফরেস্ট স্কুল এবং মিউজিয়াম-সহ ডাউহিলের একাধিক ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ রয়েছে।
কার্শিয়াং ডিভিশন ফরেস্ট অফিসের ডিএফও দেবেশ পাণ্ডে বলেন, ডাউহিলের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশকে অক্ষুণ্ণ রেখেই ইকো ট্যুরিজমের উন্নয়নে জোর দেওয়া হচ্ছে। পর্যটকদের আকর্ষণ বাড়ানোর পাশাপাশি স্থানীয় মানুষ যাতে পর্যটনের মাধ্যমে কর্মসংস্থান ও আয়ের সুযোগ পান, সেদিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিবেশ সংরক্ষণেও বিশেষ নজর দেওয়া হয়েছে এই এলাকায়। বন দফতর ও স্থানীয়দের উদ্যোগে ডাউহিলকে প্লাস্টিকমুক্ত রাখা হয়েছে। নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ রক্ষার ক্ষেত্রেও নেওয়া হচ্ছে একাধিক উদ্যোগ। ফলে প্রকৃতির কাছাকাছি সময় কাটানোর পাশাপাশি ট্রেকিংয়ের মাধ্যমে ডাউহিলের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন পর্যটকরা।
পর্যটক মনোজ সরকার বলেন, “ডাউহিলের এই জায়গাটি আমার খুব ভালো লেগেছে। চারপাশের সবুজ পরিবেশ, পাহাড়ের সৌন্দর্য এবং এখানকার শান্ত আবহাওয়া মন ছুঁয়ে যায়। পরিবার নিয়ে এমন সুন্দর জায়গায় এসে সময় কাটাতে বেশ ভালো লাগছে। সুযোগ পেলে আবারও এখানে আসতে চাই।” প্রকৃতির সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্বকে একসঙ্গে তুলে ধরার পাশাপাশি স্থানীয়দের জীবিকা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে ডাউহিলের এই ইকো ট্যুরিজম স্পট। পরিবেশের ভারসাম্য বজায় রেখে উন্নয়নের ধারা অব্যাহত থাকলে আগামী দিনে ডাউহিল উত্তরবঙ্গের অন্যতম আকর্ষণীয় ও পরিবেশবান্ধব পর্যটন গন্তব্য হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে।
(Feed Source: news18.com)