)
Bangladesh Hilsha: পরিবর্তিত পরিস্থিতিতে বুধবার বাংলাদেশ সরকার এদেশ থেকে ইলিশ আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। ওদিকে আগামী ৮ অক্টোবর থেকে বাংলাদেশ সরকার সমুদ্রে ইলিশ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ফলে এবার পুজোয় বাংলাকে ইলিশ ‘উপহার’ পাঠাচ্ছে না বদলের বাংলাদেশ!
দেবব্রত ঘোষ: গুজরাট থেকে ৫০০ টন ইলিশ বাংলাদেশে রফতানি করা হয়েছিল। কিন্তু ডিমভর্তি গুজরাটের ইলিশ বাংলাদেশে আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ সরকার। পাশাপাশি পদ্মার ইলিশ এদেশে পাঠানোর ছাড়পত্রও মেলেনি। তাই পুজোর আগে কলকাতায় পদ্মার ইলিশে রসনা তৃপ্তির গুড়ে বালি! পুজোর আগে কলকাতায় পদ্মার ইলিস আসার সম্ভাবনা কম।
এবছর পুজোর আগে ওপার বাংলার পদ্মার রুপোলি ইলিশ এপারে আসার সম্ভাবনা কমে গেল। ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সৈয়দ আনোয়ার মকসুদ বলেন তারা ইলিশের জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন করলেও এখনও পর্যন্ত কোনও অনুমতি পাওয়া যায়নি। উল্টে ভারতের গুজরাট থেকে বাংলাদেশ যে ডিমভর্তি ইলিশ আমদানি করছিল, তাও বন্ধ করার নির্দেশ দেয়।
২০১৩ সালে তৎকালীন বাংলাদেশের শেখ হাসিনা সরকার ভারতে ইলিশ রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করে। তখন থেকে পদ্মার ইলিশ রফতানি কার্যত বন্ধ ছিল। ওপার বাংলার সুস্বাদু ইলিশের স্বাদ থেকে বঞ্চিত ছিল এপার বাংলার বাঙালি। পরে ২০১৮ সালে দু’দেশের সরকারের মধ্যে কুটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে ইলিশ রফতানির ওপর নিষেধাজ্ঞা উঠে যায়। ওই বছর থেকে বাংলাদেশ সরকার প্রতিবছর দুর্গাপুজোর আগে কলকাতায় উপহার হিসেবে পাঠাতে শুরু করে প্রচুর পরিমাণ ইলিশ। গত সাত বছর ধরে এটাই ছিল দস্তুর।
এমনকি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় নেওয়ার পরেও ওই দেশের অন্তর্বর্তী সরকার একইভাবে ইলিশ রপ্তানি বজায় রেখেছিল। কিন্তু সেই সম্ভাবনা এবার কমে গেল। বর্তমানে রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশে নতুন সরকার এসেছে। এবারেও ইলিশ আমদানির জন্য কলকাতার ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল আগস্ট মাসে ঢাকায় যায়। বাংলাদেশ সরকারের বাণিজ্য দফতরের প্রতিনিধিদের সঙ্গে ইলিশ আমদানি নিয়ে আলোচনায় বসেন। সেখানে প্রতিশ্রুতি দেওয়া হয় যে এবারেও বাংলাদেশি ইলিশ পাঠানো হবে।
কিন্তু অগাস্ট এবং সেপ্টেম্বর মাসে বাংলাদেশের মাছ ব্যবসায়ীরা গুজরাট থেকে ৫৫০ মেট্রিক টন ডিমভর্তি ইলিশ আমদানি করে। তারপরই পরিস্থিতি দ্রুত বদলে যায়। পরিবর্তিত পরিস্থিতিতে বুধবার বাংলাদেশ সরকার এদেশ থেকে ইলিশ আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন আর হাতে সময় নেই। আগামী ৮ অক্টোবর থেকে বাংলাদেশ সরকার সমুদ্রে ইলিশ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ফলে এবারে পুজোর সময় পদ্মার ইলিশের সুস্বাদু পদ থেকে বঞ্চিত হতে চলেছে আম বাঙালি! আশঙ্কা তেমনই।
(Feed Source: zeenews.com)
