‘আমি ক্যান্সার আক্রান্ত’ মারণ রোগের কথা নিজেই জানালেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

‘আমি ক্যান্সার আক্রান্ত’ মারণ রোগের কথা নিজেই জানালেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

#নিউ ইয়র্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত। বুধবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা যায়, ম্যাসাচুসেটস-এর সোমারসেট অঞ্চলে একটি একটি কয়লাখনিতে গিয়ে জলবায়ু সংক্রান্ত বিষয়ে আলোচনা করছিলেন বাইডেন, সেই সময়েই তিনি জানান, ক্যান্সার থাবা বসিয়েছে  শরীরে।

ভিডিওটি ছড়িয়ে পড়তেই গোটা বিশ্বের নানা মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়, শুরু হয় শোরগোল। তড়িঘড়ি প্রতিক্রিয়া দেওয়া হয় হোয়াইট হাউসের তরফে। জানানো হয়, প্রেসিডেন্ট ত্বকের ক্যান্সারে আক্রান্ত। গতবছর জানুয়ারিতে প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার আগে স্কিন ক্যান্সারের চিকিৎসাও করেছিলেন বাইডেন।

ম্যাসাচুসেটসে গিয়ে তৈল শোধনাগারের ক্ষতিকারক দিক নিয়ে কথা বলতে গিয়ে বাইডেন বলেন ” ছোটবেলায় আমরা রাস্তা দিয়ে হেঁটে যেতে পারতাম না, মা গাড়িতে নিয়ে যেতেন। কেন জানেন? বাতাসে এত তেল মিশে থাকত, যে গাড়ির কাচে তেলের পুরু আস্তরণ পড়ে যেত। ওয়াইপার চালিয়ে কাচ পরিষ্কার করতে হত। সেই কারণেই আমার শরীরে ক্যান্সার থাবা বসিয়েছে। শুধু আমি না, সেই সময়ের প্রচুর মানুষই ক্যান্সার আক্রান্ত। দেশের মধ্যে সবচেয়ে বেশি ক্যান্সার হয় ডেল্যাওয়ারের মানুষের।”

বাইডেন-এর এই ভিডিওটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে। নেটিজেনরা জানতে চান, সত্যি-ই কি জো বাইডেন ক্যান্সার আক্রান্ত নাকি এটি ভুল করে বলে ফেলা কোনও বক্তব্য? তৈরি হয় বিতর্ক! তারপরই অবশ্য সাফাই দেয় হোয়াইট হাউস। জানানো হয়, বাইডেন ত্বক ক্যান্সারে আক্রান্ত, সেই প্রসঙ্গ টেনেই তিনি বক্তব্য রেখেছেন। চিকিৎসার পর আপাতত সম্পূর্ণ সুস্থ মার্কিন প্রেসিডেন্ট।

Published by:Rukmini Mazumder

(Source: news18.com)