
রবিবার গুয়াহাটি থেকে রওনা দিয়ে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে নামে ইন্ডিগোর A321 Neo বিমানটি। কিন্তু অবতরণের সময়ই বিপত্তি ঘটে। রানওয়েতে ঘষে যায় বিমানের লেজের অংশটি। বিমানটি পরীক্ষা করে দেখা হবে। ঘটনার সময় জোরে হাওয়া বইছিল। খারাপ আবহাওয়ার দরুণই এই ঘটনা ঘটে বলে দাবি ইন্ডিগোর। (IndiGo Tail Strike)
Tail strike: IndiGo says “abnormal runway contact” during gusty weather in BLR https://t.co/qhHIqCWtBB pic.twitter.com/D1jTcFi9rK
— Jagriti Chandra (@jagritichandra) September 27, 2026
বিষয়টি সামনে আসতেই বিবৃতি দিয়েছে ইন্ডিগো। তাদের বক্তব্য, “গুয়াহাটি থেকে বেঙ্গালুরু আসছিল 6E 6542 বিমানটি। সেই সময় অস্বাভাবিক ভাবে রানওয়ে স্পর্শ করে। অবতরণের সময় জোরে হাওয়া বইছিল।” দ্বিতীয় বারের চেষ্টায় যাত্রী নিয়ে বিমানটি নিরাপদে অবতরণ করে বলে জানানো হয়েছে। বিমানকর্মী এবং যাত্রীরা নিরাপদেই নেমেছেন।
ইন্ডিগো জানিয়েছে, প্রচলিত নিয়ম অনুযায়ী, কর্তৃপক্ষদের বিষয়টি জানানো হয়। বিমানটকে পরীক্ষা করে দেখা হবে। খতিয়ে দেখা হবে রক্ষণাবেক্ষণের দিকটিও। সব পরীক্ষায় উতরোলে ফের পরিষেবার জন্য ছাড়পত্র দেওয়া হবে বিমানটিকে।
এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে DGCA-ও। বার বার কেন এমন ঘটনা ঘটছে, তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে, গত মাসে দিল্লি থেকে গোরক্ষপুর যাওয়ার সময়ও ইন্ডিগোর বিমানের লেজ ঘষে যায়। সেবার 6E 2381 বিমানের লেজ ঘষে যায়। ঘটনার পর সঙ্গে সঙ্গে অবতরণ করেনি বিমানটি। বরং একবার চক্কর কেটে অবতরণ করে।
