)
Deadly Avalanche in Nepal: ভারী তুষারপাত ও টানা বৃষ্টির কারণে নেপালের উচ্চ পার্বত্য জেলাগুলিতে তুষারধস ও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করে আসছে নেপাল। গত ২২ সেপ্টেম্বর থেকে এ বিষয়ে সতর্কতাও জারি রয়েছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নেপালের পাহাড়ি এলাকায় ভারী তুষারপাতের মধ্যে আবারও তুষারধসের ঘটনা ঘটেছে। এতে দেশটির মানাং জেলার হিমলুং হিমাল এলাকায় পর্বতারোহী ও তাঁদের সহায়তাকারী দলের অন্তত ১০ জন নিখোঁজ হয়েছেন। তাঁদের খোঁজে উদ্ধার অভিযান চলছে বলে জানা গিয়েছে। রবিবার নেপালের মানাং জেলার নার ফু অঞ্চলের ৭১২৬ মিটার উঁচু হিমলুং হিমালে এই তুষারধসের ঘটনা ঘটেছে।
উদ্ধার অভিযান
নেপালের এক্সপেডিশন অপারেটরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ঋষি ভান্ডারী ঘটনাটি নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন, নিখোঁজ ১০ জনের মধ্যে দুজন ইমাজিন নেপাল প্রাইভেট লিমিটেডের সঙ্গে যুক্ত ছিলেন। বাকি আটজন ছিলেন হিমালয়ান হলিডেজ নেপালের সঙ্গে। নেপালের পর্যটন বিভাগের পরিচালক জানিয়েছেন, পরিস্থিতির উপর নজর রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একই সঙ্গে, নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাঁদের সন্ধানে উদ্ধার অভিযানও চলছে। ভারী তুষারপাত ও টানা বৃষ্টির কারণে নেপালের উচ্চ পার্বত্য জেলাগুলিতে তুষারধস ও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করে আসছে নেপাল। গত ২২ সেপ্টেম্বর থেকে এ বিষয়ে সতর্কতাও জারি রয়েছে।
১৪০০ মানুষের মৃত্যু
হিমলুং হিমালে তুষারধসের এই ঘটনা ঘটল এমন এক সময়ে, যখন কয়েক সপ্তাহ আগেই নেপালের আরেকটি পাহাড়ি এলাকায় ভয়াবহ তুষারধসের ঘটনা ঘটেছিল। ওই তুষারধস থেকে সৃষ্ট আকস্মিক বন্যায় দেশটির রাসুওয়া জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বন্যায় প্রায় ১৪০০ মানুষের মৃত্যু হয়। ওই ঘটনার পর নেপালের বিভিন্ন উচ্চ পার্বত্য এলাকায় দুর্যোগ মোকাবিলায় সতর্কতা বাড়ানো হয়েছে। বিশেষ করে ভারী তুষারপাত ও টানা বৃষ্টির কারণে দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধারকাজও কঠিন হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে পর্বতারোহী ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগও বাড়ছে।
ভারী বৃষ্টিতে বন্যা-ভূমিধস
ভারত ও নেপালে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে এবং আরও ১০ শ্রমিক নিখোঁজ রয়েছেন। ভারতের উত্তর প্রদেশ রাজ্যে ৪৮ ঘণ্টা সময়ের মধ্যে ১৫ জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। ঝড়-বৃষ্টি, বন্যা ও ভূমিধসে ৬৩টি জেলার ১১৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তরপ্রদেশে। শনিবার ২৪ ঘণ্টায় স্বাভাবিকের তুলনায় ১৯ গুণ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ওদিকে নেপালের বাগলুং জেলায় রাতে নিশিখোলা গ্রামে এক ভূমিধসের ঘটনায় তিন শিশু ও এক নারী-সহ চারজন মারা গিয়েছেন। ভূমিধসে তাদের বাড়ি চাপা পড়ার সময় তাঁরা ভিতরে ঘুমিয়ে ছিলেন।
(Feed Source: zeenews.com)
