Offbeat Darjeeling: সকালে কাঞ্চনজঙ্ঘা, রাতের আকাশে তারার মেলা—পুজোয় চলুন দার্জিলিঙের কাছেই এই স্বপ্নের পাহাড়ি গ্রামে

Offbeat Darjeeling: সকালে কাঞ্চনজঙ্ঘা, রাতের আকাশে তারার মেলা—পুজোয় চলুন দার্জিলিঙের কাছেই এই স্বপ্নের পাহাড়ি গ্রামে

Offbeat Darjeeling: দার্জিলিং, কালিম্পং, কার্সিয়াং-এর চেনা ভিড় নয়। পুজোয় চলুন নিরিবিলি ধোত্রে গ্রামে। বরফঢাকা কা‍ঞ্চনজঙ্ঘা আরা তারাভরা রাতের আকাশ হবে আপনার সফরসঙ্গী।

দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য : পুজোর ছুটিতে পাহাড়ে যাওয়ার পরিকল্পনা করছেন? দার্জিলিং, কালিম্পংয়ের চেনা ভিড় এড়িয়ে যদি একটু নিরিবিলি, সবুজে মোড়া পাহাড়ি গ্রামে কয়েকটা দিন কাটাতে চান, তাহলে আপনার গন্তব্য হতে পারে ধোত্রে। সিঙ্গালিলা জাতীয় উদ্যানের বাফার জোনে অবস্থিত এই ছোট্ট পাহাড়ি জনপদকে দার্জিলিংয়ের অন্যতম পরিষ্কার ও সুন্দর গ্রাম হিসেবে উল্লেখ করা হয়। প্রায় ৮,৫৫০ ফুট উচ্চতায় অবস্থিত ধোত্রে থেকে পরিষ্কার আকাশে দেখা যায় তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা।

পুজোর সময় ধোত্রের সৌন্দর্য আরও কয়েকগুণ বেড়ে যায়। চারদিকে পাইন, পাহাড়ি ফুল আর ঘন জঙ্গলের সবুজে মোড়া পরিবেশ শহুরে ব্যস্ততা থেকে এনে দেবে একেবারে অন্য জগতে। গ্রামের পিছনের জঙ্গলের রাস্তা ধরে হাঁটতে হাঁটতে পৌঁছে যাওয়া যায় ভিউ পয়েন্টে। সেখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য যেমন দেখা যায়, তেমনই রাতের আকাশে তারার মেলা উপভোগ করার সুযোগও রয়েছে। নিরিবিলি পরিবেশে স্টার গেজিং করতে চাইলে পুজোর ছুটিতে ধোত্রে হতে পারে বিশেষ পছন্দ।

শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, ট্রেকপ্রেমীদের কাছেও ধোত্রে বেশ আকর্ষণীয়। এখান থেকে টংলু ও টুমলিংয়ের মতো জায়গায় হাইকিং করা যায়। অনেক পর্যটক আবার ধোত্রে থেকেই সান্দাকফুর ট্রেক শুরু করেন। বসন্তে রডোডেনড্রন, অর্কিড ও নানা পাহাড়ি ফুলে গ্রাম রঙিন হয়ে উঠলেও পুজোর সময়ের নির্মল আকাশ, ঠান্ডা আবহাওয়া এবং মেঘ-পাহাড়ের খেলা ধোত্রেকে অন্যরকম সৌন্দর্য দেয়।

শিলিগুড়ি থেকে প্রায় ১০৫ কিলোমিটার এবং দার্জিলিং শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে ধোত্রে। মানেভঞ্জন থেকে দূরত্ব প্রায় ১১ কিলোমিটার। দার্জিলিং মোড় থেকে রিম্বিকগামী শেয়ার গাড়িতেও ধোত্রে যাওয়া যায়। কলকাতা থেকে গেলে প্রথমে নিউ জলপাইগুড়ি (NJP) পৌঁছে সেখান থেকে গাড়ি বুক করে নেওয়া যায়। মানেভঞ্জন হয়ে ধোত্রে পৌঁছতে কিছুটা সময় লাগলেও পাহাড়ি পথ পেরিয়ে গ্রামে পৌঁছনোর পর চারপাশের দৃশ্য সেই ক্লান্তি অনেকটাই ভুলিয়ে দেবে।

(Feed Source: news18.com)