‘সচেতন না হলে দেশের কাছে আমাদের ভাবমূর্তি খারাপ হবে’, ফেসবুকে ক্ষোভ পরিচালক কৌশিকের

‘সচেতন না হলে দেশের কাছে আমাদের ভাবমূর্তি খারাপ হবে’, ফেসবুকে ক্ষোভ পরিচালক কৌশিকের

কলকাতা: সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে দফায় দফায় গন্ডগোল, বিক্ষোভ পড়ুয়াদের। SRFTI-কাণ্ডে ৩টি মামলা রুজু হয়েছে। প্রথম মামলাটি দায়ের করা হয়েছে ABGP অর্থাৎ অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েতের তরফে। অভিযোগ, SRFTI-এর অডিটোরিয়াম ভাড়া নিয়েও অনুষ্ঠান করতে পারেনি তাঁরা। দ্বিতীয় অভিযোগ দায়ের করেছে পড়ুয়ারা। তাঁদের অভিযোগ, ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা। তৃতীয় FIR-টি স্বতঃপ্রণোদিত ভাবে দায়ের করেছে পঞ্চসায়র থানা।

সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের ঘটনার কড়া নিন্দে করলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। তিনি সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করেছেন। লিখেছেন, ‘মেধাবী ছাত্রছাত্রীরা সিনেমার পেশা বেছে নিয়েছে তথাকথিত আর্থিক উচ্চাকাঙ্ক্ষী নয় বলেই। তাহলে তাদের সামনে হাজারটা অপশন ছিল। তারা সিনেমার মধ্যে একটা স্বপ্ন দেখার সুড়ঙ্গ দেখতে পেয়েছে বলেই; এই অনিশ্চিত পেশার জন্য প্রস্তুত হচ্ছে পৃথিবীর নানা প্রান্তে । FTII বা SRFTI ভারতবর্ষে সেই স্বপ্ন-অনুসন্ধান পথের দুটো উজ্জ্বল দরজা। বেশ কিছু বছর ধরেই নানা সময় সেখানে গণ্ডগোল, ঘেরাও, আন্দোলন হয়েছে; তবে তা অভ্যন্তরীণ ছিল। সব থেকে বড় কথা সবই ছাত্রছাত্রীদের অভিযোগ ও দাবিদাওয়া নিয়ে। গতকালের ঘটনা তা নয়। প্রশাসন নিশ্চই দ্রুত পদক্ষেপ নেবে ও সমাধান করবে পরিস্থিতির।’

কৌশিক আরও লিখেছেন, ‘কর্তৃপক্ষকে অনুরোধ জানাই ভবিষ্যতে কোনও জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানের কোনও অংশ ভাড়ায় দেওয়ার আগে বিবেচনা করতে যে, ওই প্রতিষ্ঠানের সঙ্গে তারা কোনও ভাবে যুক্ত বা প্রাসঙ্গিক কি না। সেটা না হলে আর দশটা ব্যাংকোয়েট বা হলের মতো ভাড়া না দিলেই মঙ্গল। আমরা সচেতন না হলে দেশের কাছে আমাদের ভাবমূর্তি গতকালের মতো খারাপ হবে বারবার। শারীরিক ভাবে আহত যারা হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করি।’

[yt]https://www.youtube.com/watch?v=PKwLsAu-z10[/yt]

(Feed Source: news18.com)