সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত

সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত

 

গুয়াহাটি: প্রথম ওয়ান ডে ম্যাচে শুরুটা ভাল করেও, বড় রান আসেনি। তবে ওয়েস্ট ইন্ডিজ় বিরুদ্ধে (IND vs WI) দ্বিতীয় ওয়ান ডেতে দারুণ ফর্মে রয়েছেন ‘হিটম্যান’। এই ম্যাচেই এক বিরাট মাইলফলক স্পর্শ করলেন মহাতারকা ভারতীয় ওপেনার।

আজকের ম্যাচেই সচিন তেন্ডুলকর ও বিরাট কোহলির পরে মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে রোহিত শর্মা (Rohit Sharma) ১২ হাজার ওয়ান ডে রানের গণ্ডি পার করলেন। বল এবং ইনিংস, উভয়ের নিরিখেই কেবল বিরাট কোহলিই রোহিত শর্মার থেকে দ্রুত এই মাইলফলক স্পর্শ করেন। বিরাট ২৪২টি ইনিংস এবং ১২৮৫৩ বলে ১২ হাজার ওয়ান ডে রান পূরণ করেন। সেখানে রোহিত শর্মা ২৮২টি ইনিংস এবং ১২৯৭৩ বলে ১২ হাজার ওয়ান ডে রান সম্পূর্ণ করেন।

এই রোহিতের অবসর নিয়েই মাস কয়েক আগেই প্রবল জল্পনা-কল্পনা শুরু হয়েছিল। লর্ডসে প্রথম ভারতীয় হিসাবে ওয়ান ডেতে শতরান হাঁকিয়ে সেইসব জল্পনার জবাব দিয়েছিলেন রোহিত। এবার ফের একবার তাঁর ব্যাট থেকে শতরান আসল। এই নিয়ে কেরিয়ারের ৩৫তম ওয়ান ডে সেঞ্চুরি হাঁকালেন রোহিত। ২০২৩ সালে শেষ ধাপে এসে খেতাব হাতছাড়া করার পর এবার বিশ্বকাপ জিততে মরিয়া রোহিত। তিনি যে পরের বছরের বিশ্বকাপের জন্য যে তিনি প্রস্তুত, তা বারংবারই ব্যাট হাতে কিন্তু প্রমাণও করে দিচ্ছেন রোহিত।

ওয়েস্ট সিরিজ় শুরুর ঠিক আগে সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর লক্ষ্য সম্পর্কে ‘হিটম্যান’-কে বলতে শোনা গিয়েছিল, ‘আমার কাজ শেষ হয়ে গিয়েছে, সেই চিন্তাটাও কখনও আমার মাথায় আসে না। যতদিন আমরা খেলছি, ততদিন সবসময় সামনে কোনও না কোনও লক্ষ্য থাকেই। আমি বিশ্বকাপে খেলতে মুখিয়ে রয়েছি। দেখা যাক আমার জন্য কী অপেক্ষা করে রয়েছে।’

বিশ্বকাপে খেলার প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, ‘যখন আইসিসি টুর্নামেন্ট, বিশ্বকাপ খেলা হয়, তখন সেই টুর্নামেন্টের নিজস্ব একটা চ্যালেঞ্জ তো থাকেই। কারণ এই টুর্নামেন্টগুলিতে আমরা ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে বিভিন্ন মাঠে খেলি। তাই এই সময় প্রস্তুতিটাও ভিন্ন রকমের হয়, চিন্তাধারাটাও অন্যান্য সময়ের থেকে পৃথক হয়।’

(Feed Source: abplive.com)